'অহন ডিজিটাল পাল্লাই ভালা'
রাজধানীর পাড়া-মহল্লার মুদি দোকান থেকে শুরু করে সবজি বিক্রেতাদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ডিজিটাল পাল্লা। বাজারে এর চাহিদাও এখন কাঁটা-বাটখারা পাল্লার চেয়ে বেশি। ক্রেতারাও বলছেন, তাঁদের কাছে ডিজিটাল পাল্লার ব্যবহারই স্বস্তিদায়ক।
কারওয়ান বাজারের রকমারি ফল বিক্রেতা মো. নূর হোসেন ১২ বছর ধরে ফলের ব্যবসা করেন। দুই বছর ধরে দোকানে ডিজিটাল পাল্লা ব্যবহার করছেন তিনি। প্রথম আলোকে তিনি বলেন, ‘কাঁটা পাল্লার থাইক্যা ডিজিটাল পাল্লার সুবিধাই বেশি। মাপে সঠিক থাকে। হিসাবও করা সহজ। ক্রেতাগো লগে ঝগড়াও হয় না। অহন ডিজিটাল পাল্লাই ভালা।’
আদা, রসুন, পেঁয়াজ বিক্রেতা মো. সাগরও এই ডিজিটাল পাল্লা ব্যবহার করছেন বছরখানেক। তিনি বলেন, ‘এই পাল্লায় সহজেই মাল মাপ করা যায়। পাল্লা উঠা-নামা বা পাথর দেওয়ার ঝামেলা নাই।’ তিনি জানান, এ জন্যই এই পাল্লা তাঁর কাছে বেশি সুবিধাজনক মনে হয়।
রাজধানীর বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, এখন পাড়া-মহল্লার মুদি দোকান থেকে শুরু করে রাস্তার পাশের ফল বা সবজির দোকানদার, হোটেল ব্যবসায়ীদের অনেকেই এই ডিজিটাল পাল্লা ব্যবহার করছেন। এর অন্যতম কারণ, মাপে ঠিক দেওয়া। ক্রেতাদের অভিযোগ থাকে না। এমনকি মাপ অনুসারে দামও এই পাল্লাতে ওঠে। ফলে ক্যালকুলেটরের মতো হিসাব করা যায় সহজেই। ক্রেতারা তাই দাঁড়িপাল্লার মতো মাপে কম বা বেশি দেওয়া নিয়ে সন্দেহের অবকাশ পান না।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে চাকরি করেন তানভীর। তিনি বলেন, ‘ডিজিটাল পাল্লার দোকানে মালামাল কেনাটা স্বস্তিদায়ক। এতে সঠিক মাপে পণ্য কেনা যায়। কিন্তু দাঁড়িপাল্লায় মালামাল কেনার পর মাপে সঠিক পেলাম কি না তা নিয়ে মনের মধ্যে সন্দেহ থাকে। অনেক সময় বিক্রেতা মাপে কম দেন।’ তিনি জানান, অনেক দোকান থেকে তিনি কাঁটার পাল্লা দিয়ে যে মাপে পণ্য কিনেছেন পরে আরেক দোকানে গিয়ে আবার মাপ করার পর তা কম পেয়েছেন। এরপর থেকেই তিনি ডিজিটাল পাল্লা আছে এমন দোকান থেকেই কেনার চেষ্টা করেন।
এখনো কাঁটার পাল্লা ব্যবহার করেন মো. জব্বার মিয়া। তিনি বলেন, ‘কাঁটার পাল্লা ব্যবহার কইরা কইরা আমাগো অভ্যাস হইয়া গেছে। ছোট দোকান, ইচ্ছামতো এখানে-সেখানে বই। কাঁটার পাল্লা বস্তায় ভইরা রাখলেও চিন্তা নাই।’ তবে তিনি স্বীকার করেন, কাঁটার পাল্লার চেয়ে ডিজিটাল পাল্লাই ভালো। এতে ঝামেলা কম হয়।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, কাঁটা-বাটখারার পাল্লা কেনার হারও কম। কারওয়ান বাজারের পাশে দ্বিতল একটি মার্কেটে ঘোড়াশাল হার্ডওয়্যার স্টোরের বিক্রেতা মো. রাসেল একই দোকানে কাঁটার পাল্লা ও ডিজিটাল পাল্লা দুটোই বিক্রি করেন। তিনি বলেন, ‘কাঁটার পাল্লা এখন আর আগের মতো চলে না। মানুষের কাছে ডিজিটাল পাল্লার চাহিদাই বেশি। মানুষ শিল-কাঁটা ফেরত দিয়া ডিজিটাল পাল্লা লইতেছে।’
ডিজিটাল পাল্লা বিক্রির আরেক দোকান প্রাইম টুলসের বিক্রেতা আবদুল মোতালেব বলেন, ‘ঢাকায় এখন ডিজিটাল পাল্লাই চলছে, গ্রামগঞ্জের মানুষও এই পাল্লা কিনা নিয়া যাইতেছে। তবে কিছু সবজি বাজারে এখনো পুরান আমলের দাঁড়িপাল্লার ব্যবহারই হচ্ছে।’
মোতালেব জানান, ডিজিটাল পাল্লাগুলো বিদ্যুতের চার্জের সাহায্যে চলে। অপেক্ষাকৃত ছোট ৪০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল পাল্লার চাহিদাই সবচেয়ে বেশি, যা বিভিন্ন ব্র্যান্ডভেদে দুই থেকে আড়াই হাজার টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ১০০ কেজি ধারণক্ষমতার ডিজিটাল পাল্লা বিক্রি হচ্ছে চার থেকে সাড়ে চার হাজার টাকায়।