'অহন রাইতে ভালা ওম অইব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শীতের লাইগ্যা রাইতে ভালামতো ঘুমাইতে পারতাম না। অহন ভালা ওম অইব।’ ময়মনসিংহে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে বিতরণ করা কম্বল হাতে পেয়ে এভাবেই নিজের অনুভূতি প্রকাশ করলেন পাষাণ আলী (৭০)।
জেলা শহরের সাহেব আলী সড়কে অবস্থিত প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে গতকাল রোববার বেলা ১১টায় সিটি ব্যাংকের সহযোগিতায় ৩১৯ জন শীতার্ত মানুষের মধ্যে কম্বলসহ বিভিন্ন শীতবস্ত্র বিরতণ করা হয়।
পূর্বঘোষিত সময় অনুযায়ী, ময়মনসিংহ শহরের নওমহল, সি কে ঘোষ রোড, রেললাইন সংলগ্ন এলাকা এবং রেলওয়ে স্টেশনের ভাসমান শীতার্ত নারী-পুরুষ ও শিশুরা বেলা ১০টায় প্রথম আলোর ময়মনসিংহ কার্যালয়ে হাজির হয়। তাদের মধ্যে মোট ৭৫টি কম্বল ও ২৪৪টি অন্যান্য শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতার্তদের হাতে কম্বল ও শীতবস্ত্রগুলো তুলে দেন বাংলা একাডেমীর পদকপ্রাপ্ত কবি মুশাররাফ করিম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, সিটি ব্যাংকের ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক মো. আবদুল্লাহ হোসাইন প্রমুখ। বিতরণে সহযোগিতা করেন সিটি ব্যাংকের ময়মনসিংহ শাখার নির্বাহী কর্মকর্তারা ও প্রথম আলোর ময়মনসিংহ বন্ধুসভার বন্ধুরা।