মুঠোফোন নেটওয়ার্ক সেবা নিয়ে বিটিআরসির গণশুনানিতে গ্রাহকেরা
'অহেতুক এসএমএসের জন্য টাকা দিতে হবে'
মুঠোফোনে প্রতিদিন অপারেটরদের বিভিন্ন ধরনের অফার ও বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অসংখ্য খুদে বার্তা বা এসএমএস আসে। অনেক মুঠোফোন গ্রাহকের মতো রফিকুল ইসলামও বিষয়টি নিয়ে ত্যক্ত-বিরক্ত।
রফিকুল ইসলাম বিরক্তি প্রকাশ করলেন এভাবে, ‘অসংখ্য অহেতুক এসএমএস আসছে। এটি আমার প্রয়োজন নেই, তবু আসছে। ঢাকা সিটি করপোরেশনের এলাকায় বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার করতে হলে ভাড়া, কর ও শুল্ক মিলিয়ে অনেক অর্থ খরচ করতে হয় অপারেটরদের। তাই মুঠোফোনে একটি এসএমএস পাঠিয়ে সেটি পড়তে বাধ্য করলে আমাকে টাকা দিতে হবে। না হলে এটি হবে প্রতারণা।’
মুঠোফোন নেটওয়ার্ক সেবা নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আয়োজিত গণশুনানিতে অন্য অনেক গ্রাহকের পাশাপাশি অভিযোগ করেন রফিকুল ইসলাম। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় বিটিআরসির গণশুনানি শুরু হয়। প্রথমবারের মতো আয়োজিত এই গণশুনানিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, ব্যাংকের কর্মকর্তা, আইনজীবী, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী, রিচার্জ ব্যবসায়ীরা অপারেটরদের স্বেচ্ছাচারিতা, মুঠোফোনে কলড্রপ, বায়োমেট্রিক সিম রেজিস্ট্রেশন, টেলিটকের দুর্বল নেটওয়ার্ক বিষয়ে অভিযোগ করেন। কেউ কেউ অবশ্য বিভিন্ন বিষয়ে বিটিআরসিকে পরামর্শও দেন।
গণশুনানিতে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ, ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবীব খান, কমিশনার জহুরুল হক ও সালেহ আহমাদ হাকিম, মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারি, ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমদ, কর্নেল মো. নাসিম পারভেজ, এ কে এম শহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। তাঁরা প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট গ্রাহকদের কথা শোনেন।
রাফায়েত রুমান নামের এক গ্রাহক বলেন, ‘প্রায়ই দেখি অমুক চাল ব্যবসায়ী, অমুক ডাল ব্যবসায়ীর নামে মোবাইলে এসএমএস আসছে। গ্রামীণফোনের কাছ থেকে আমার নম্বরসহ অন্যান্য তথ্য ব্যবসায়ীদের কাছে কেন যাবে?’
অনেক সময় মুঠোফোন অপারেটর নির্দিষ্ট পরিমাণ টাকা রিচার্জ করলে বিভিন্ন উপহার দেওয়ার অফার দেয়। এ বিষয়ে গ্রাহক ওয়াহিদ জুবায়েরের অভিযোগ, ‘এত টাকা রিচার্জ করলে মগ দেওয়া হবে। এটা কেমন যন্ত্রণা?’