'অ্যালা হামরা বাংলাদেশি'
‘বাপদাদার আমল থাকি শুনি ছিটগুলা (ছিটমহল) বাংলাদ্যাশ হইবে, হয় নাই। আইজকা বিল পাসের সংবাদটা পায়া খুশিতে বুকটা ভরি গেইল। অ্যালা (এখন) হামরা বাংলাদেশি। স্বাধীন।’
কথাগুলো বৃদ্ধ মতিয়ার রহমানের (৭০)। তাঁর বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বড়গাওচুলকা ছিটমহলে।
আজ বুধবার বেলা ১১টায় উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরের বড়গাওচুলকা ছিটমহলে গিয়ে দেখা যায়, লোকজন আনন্দে মেতে উঠেছে। বিকেল গড়াতে খবর আসে, ভারতের রাজ্যসভায় বিলটি পাস হয়েছে। এ সংবাদে কাজ ফেলে বাংলাদেশের পতাকা নিয়ে মিছিল শুরু হয় গ্রামে। বাড়ি থেকে বেরিয়ে আনন্দে মিছিলে যোগ দেয় নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশুরা। সবার মুখে স্লোগান ‘জয় বাংলা, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ, বাংলাদেশ’। মিছিল শেষ হতেই ছিটমহলের সীমান্তে উঠিয়ে দেওয়া হয় বাংলাদেশের পতাকা। এরপর পাশের বাজার থেকে খুরমা কিনে এনে সবার মধ্যে বিতরণ করা হয়। ছিটমহলের বাসিন্দা আয়নুল হক বলেন, ‘স্বাধীনতার স্বাদ কোনো দিন পাই নাই। আজ পাইলোং।’
স্থানীয় লোকজন জানায়, বড়গাওচুলকা ছিটমহলে বাস ২০টি পরিবারের। জমির পরিমাণ ৯৯ একর।
এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে কালা মাটি ছিটমহল। এটি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভেতরে। এখানে থাকে ১৯টি পরিবার। জমির পরিমাণ প্রায় ৬৫ বিঘা। ছিটমহলে যাওয়ার কোনো রাস্তা নেই। সরু জমির আইল দিয়ে যেতে হয়। ছিটমহলটির বাসিন্দা ইয়াকুব আলী (৪৫) বলছিলেন, ‘এত বড় হইছি কোনো দিন ভোট দিবার পাই নাই। এখন পামু।’
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভেতরে ভারতের সবচেয়ে বড় ছিটমহলটি হলো দাশিয়ার ছড়া। এখানে বাস করে ১০ হাজার ৫০০ পরিবার। জমির পরিমাণ ১৬ শত ৪৩ দশমিক ৪৪ একর। স্থানীয় লোকজন জানায়, এখানকার ৩ শত পরিবার ভারতে কাজ করতে গেছে। এদের অধিকাংশ ভারতের নাগরিকত্ব চায়। এ ছাড়া ১২০টি হিন্দু পরিবারসহ বেশ কিছু পরিবার ভারতের নাগরিকত্ব চায়। পুনর্বাসনপ্রক্রিয়ার ওপর তাদের যাওয়া নির্ভর করবে। ছিটমহলের হায়দার আলী বলেন, ‘এখানে আমাদের জমাজমি আছে। এগুলো ছেড়ে গেলে ভারতে গিয়ে কী পাব সেটি পরিষ্কার হতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা যারা ভারতের নাগরিকত্ব চাই তারা ভয়ে ভয়ে আছি। কখন কোন দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে দুই দেশের সরকারকে এখনই আমাদের নিরাপত্তার উদ্যোগ নিতে হবে।’
টেলিফোনে ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘ভারত বিলটি পাস করে দৃষ্টান্ত স্থাপন করল। আশা করছি, মানবতার স্বার্থে আর কোনো প্রতিবন্ধকতা কিংবা জটিলতা সৃষ্টি হবে না।’
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার অভ্যন্তরে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ১৮টি এবং লালমনিরহাট জেলার ৩৩ টিসহ মোট ৫১টি ছিটমহল রয়েছে। এই ছিটমহলগুলোর আয়তন ৭ হাজার ১১০ একর। এতে বাংলাদেশের লোকসংখ্যা রয়েছে প্রায় ১৪ হাজার।