'অ্যাসিড-সন্ত্রাসীদের শাস্তি নিশ্চিত করুন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো
মা-মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও বন্ধুসভা এ কর্মসূচির আয়োজন করে l ছবি: প্রথম আলো

একুশ শতকের এ সময়েও প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। রিসা, তনুরা হত্যার শিকার হচ্ছেন। অ্যাসিডে ঝলসে যাচ্ছে শেলীদের মুখ। কিন্তু কোনো ঘটনারই সুষ্ঠু বিচার হচ্ছে না। বিচারহীনতার সংস্কৃতির কারণেই এ ধরনের ঘটনা বন্ধ করা যাচ্ছে না। অ্যাসিড-সন্ত্রাসীসহ নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় মা-মেয়ের ওপর অ্যাসিড নিক্ষেপের প্রতিবাদে গতকাল মঙ্গলবার আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। অ্যাসিডদগ্ধ নারীদের জন্য প্রথম আলো সহায়ক তহবিল ও বন্ধুসভা চট্টগ্রাম এ কর্মসূচির আয়োজন করে। প্রেসক্লাবের সামনে স্থানীয় বিভিন্ন সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়।
গত সোমবার ভোরে চট্টগ্রাম নগরের পলোগ্রাউন্ড এলাকায় একটি বস্তিতে ঘুমন্ত অবস্থায় অ্যাসিডে দগ্ধ হন শেলী আক্তার (২২) ও তাঁর মা হোসনে আরা বেগম (৫৫)।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার বলেন, ‘দেশে নারীরা অনেক এগিয়েছেন, এটি সত্য। অনেক বড় পদে নারীরা কাজ করছেন। কিন্তু অ্যাসিড-সন্ত্রাসসহ নারী নির্যাতনের বিরুদ্ধে যদি কিছু না করতে পারি, তাহলে কী লাভ। অ্যাসিড নিক্ষেপের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে হবে। অ্যাসিড নিক্ষেপকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

সচেতন নাগরিক কমিটির সভাপতি দেলোয়ার মজুমদার বলেন, প্রথম আলো ও বন্ধুসভা অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে দেশব্যাপী জনমত তৈরির কাজ করছে। এ কারণে মাঝখানে এর প্রকোপ খানিকটা কমেছিল।

শিক্ষাবিদ আনোয়ারা আলম বলেন, উচ্চশিক্ষিত পরিবার থেকে শুরু করে হতদরিদ্র পরিবার—সবখানেই নারীরা স্বজনের হাতে নির্যাতিত হচ্ছেন। তিনি বলেন, অ্যাসিড-সন্ত্রাসীদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত।

মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা বলেন, যত দিন পর্যন্ত সমাজে নারী ও শিশুরা নিরাপদ হবে না, তত দিন সমাজ কাঙ্ক্ষিত উন্নয়নে পৌঁছাতে পারবে না।

প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী বলেন, প্রথম আলো শুরু থেকেই অ্যাসিডদগ্ধ নারীদের পাশে দাঁড়িয়েছে। অ্যাসিডদগ্ধ শেলীকেও আর্থিক ও আইনি সহায়তার পাশাপাশি তাঁর পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার বলেন, ‘শেলীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা সমাজের সব স্তরের অবক্ষয়ের চিত্র। শেলীর পাশে আমরা আছি।’

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

চট্টগ্রাম বন্ধুসভার যোগাযোগবিষয়ক সম্পাদক মিনহাজ হোসাইনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন গণজাগরণ মঞ্চের চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, চট্টগ্রাম একাডেমির পরিচালক জিন্নাহ চৌধুরী, ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী উৎপল বড়ুয়া, বাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, খেলাঘর চট্টগ্রাম মহানগরের সহসভাপতি দিলীপ দাশ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার, সেন্টার ফর ডিজঅ্যাবল কনসার্নের সদস্য শাহান আরা খানম, ঘাসফুলের কর্মসূচি ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, সাংবাদিক ফারুক তাহের, সরকারি মুসলিম উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মাহমুদা আক্তার, প্রগতিশীল সংবাদপত্র পাঠক ফোরামের সাধারণ সম্পাদক সাহানা আক্তার, ব্যান্ডদল নাটাইয়ের সদস্য নাহিদ উজ জামান, পূর্বাশার আলোর সদস্য নোমান উল্লাহ বাহার, ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স চট্টগ্রামের সভাপতি শাহরিয়ার তামিম, রোটারিয়ান তানভির শাহরিয়ার।

খেলাঘর চট্টগ্রাম মহানগর, অর্গানাইজেশন অব আর্ট ফর চিলড্রেন, সহযাত্রীক, তারুণ্যের উচ্ছ্বাস ও বন্ধুসভার সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধনে কবিতা পাঠ করেন বোধন আবৃত্তি সংসদের সদস্য তৈয়বা জহির।