‘জনবিচ্ছিন্ন ও অযোগ্যদের’ দলীয় মনোনয়নের জন্য সুপারিশ না করায় কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকারের বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের ‘অপপ্রচার’ চালানো হচ্ছে। গতকাল বৃহস্পতিবার কুমিল্লা নগরের কান্দিরপাড় জমজম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়।
জাহাঙ্গীর আলমের পক্ষে মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতারা এ সংবাদ সম্মেলন করেন। এর আগে গত বুধবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের আরেক অংশ সংবাদ সম্মেলন করে। সেখানে অভিযোগ তোলা হয়, মুরাদনগরের ২২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার আশ্বাসে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জাহাঙ্গীর আলম পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। তবে জাহাঙ্গীর আলম এ অভিযোগ অস্বীকার করেছেন। এই ইউপিগুলোতে আগামীকাল শনিবার ভোট।
গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, জাহাঙ্গীর আলম তৃণমূলের মতামত ও সমর্থন পাওয়া ব্যক্তিদেরই চেয়ারম্যান পদে মনোনয়নের জন্য সুপারিশ করেছিলেন। বঞ্চিত ব্যক্তিরা রাজনৈতিক ষড়যন্ত্র চরিতার্থ করার উদ্দেশ্যেই তাঁর বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আহাম্মদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এস টি আহমেদ প্রমুখ।
সৈয়দ আহাম্মদ বলেন, এ অভিযোগের কোনো ভিত্তি নেই। এ অপপ্রচার। নাম প্রকাশ না করার শর্তে অন্তত চারজন ইউপি চেয়ারম্যান বলেন, ‘এত দিন আমরা জাহাঙ্গীর আলমের সঙ্গে থেকেই চেয়ারম্যানগিরি ও রাজনীতি করেছি। এখন অন্যদের কাছ থেকে বেশি টাকা নিয়ে আমাদের বাদ দেওয়া হয়েছে।’
গতকাল প্রথম আলোতে ‘আ.লীগ সম্পাদকের মনোনয়ন বাণিজ্য’ শীর্ষক প্রতিবেদন ছাপা হয়। এরপর জাহাঙ্গীর আলমের পক্ষে তাঁর অনুসারীরা এই সংবাদ সম্মেলন করেন।