প্রথমে বিএনপির একজনকে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়। এরপর ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। দুদিন পর সেই ‘বিদ্রোহী’কে আবার দলে ফিরিয়ে নিয়ে দল-সমর্থিত প্রার্থীকে বহিষ্কার ঘোষণা করা হয়। সিলেট সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী ঘোষণা নিয়ে কেন্দ্রের এ রকম দোলাচলের কারণে এখানে বিএনপির পরাজয় হয়েছে বলে দলের অনেকে মনে করেন।
ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিএনপি থেকে দুজন এবং একজন করে আওয়ামী লীগ, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী ছিলেন। নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত আশফাক আহমদ ৪৪ হাজার ৩৪১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। বিএনপির প্রথমে ঘোষিত ১৯-দলীয় জোট-সমর্থিত প্রার্থী আবুল কাহের চৌধুরী পেয়েছেন ৩০ হাজার ৩৪৮ ভোট এবং শাহ জামাল নুরুল হুদা পেয়েছেন ১৮ হাজার ৫৩৯ ভোট। দুই প্রার্থী মিলিয়ে ভোটের সংখ্যা ৪৮ হাজার ৮৮৭টি।
বিএনপির কয়েকজন নেতা-কর্মী জানান, আওয়ামী লীগ নেতা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিএনপির নেতা সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের নির্বাচনী এলাকা হওয়ায় সিলেট সদর উপজেলা পরিষদের নির্বাচন আলাদা গুরুত্ব বহন করে। সাইফুর রহমানের মৃত্যুর পর বিএনপির এ বলয়ের নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। দ্বিধাবিভক্ত বিএনপির অপর অংশের নেতৃত্বে আছেন দলটির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর অনুসারীরা।
বিএনপি সূত্র জানায়, বিএনপি কেন্দ্র থেকে প্রথমে আবুল কাহের চৌধুরীকে সমর্থন দেয়। এর বিরোধিতা করে প্রার্থী হয়েছিলেন এম ইলিয়াস আলীর অনুসারী হিসেবে পরিচিত শাহ জামাল নুরুল হুদা। কেন্দ্র থেকে তখন নুরুল হুদাকে বহিষ্কার করা হয়। নির্বাচনের কয়েক দিন আগে কেন্দ্র থেকে আবুল কাহেরকে বহিষ্কার করে নুরুল হুদাকে দলীয় সমর্থন দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির তৃণমূল পর্যায়ের এক কর্মী ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, আবুল কাহেরকে একক প্রার্থী দেওয়া হলে এ উপজেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীর জয় কেউ ঠেকাত পারত না। কিন্তু কেন্দ্র একেক সময় একেক সিদ্ধান্ত দেওয়ায় আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ করেছে। এককথায়, আওয়ামী লীগকে জয়ের মুখ দেখাল বিএনপিই!
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার বলেন, ‘সদর উপজেলায় প্রথমে একজনকে প্রার্থী দেওয়া হয়েছিল, কিন্তু নির্বাচনের ২৪ ঘণ্টা আগে আরেকজনকে প্রার্থী দেওয়া হয়েছে। প্রার্থী সঠিক কিংবা ভুল যা-ই হোক না কেন, এই রদবদল করা কোনোভাবেই ঠিক হয়নি।
সিলেট বিভাগে বিএনপি রাজনীতির ‘কান্ডারি’ খ্যাত এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে দলটির জ্যেষ্ঠ নেতা সাবেক সাংসদ দিলদার হোসেন দলের হাল ধরেছেন। সদর উপজেলা নির্বাচন ও রাজনীতি নিয়ে হতাশ তিনিও। গতকাল সোমবার এক প্রতিক্রিয়ায় প্রথম আলোকে বলেন, বিএনপিতে অনৈক্য ও কোন্দলের কারণেই আওয়ামী লীগ প্রার্থী জয় পেয়েছেন। প্রার্থী বাছাইয়ে কেন্দ্রের হস্তক্ষেপের কারণেই পরাজয় হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দলের নেতা-কর্মী ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি ছিল, তাই আমাদের জয়লাভ করার অবস্থান থাকা সত্ত্বেও পরাজয় বরণ করতে হলো।’