‘আ.লীগকে নিশ্চিহ্ন করতে গ্রেনেড হামলা হয়েছিল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিলেটে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই তৎকালীন চারদলীয় জোট সরকার আমলে একের পর এক গ্রেনেড ও বোমা হামলা চালানো হয়েছিল। গুলশান সেন্টারে মহানগর আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলার পর দলীয় সভানেত্রী শেখ হাসিনা সিলেট আসেন। তিনি গ্রেনেড হামলার প্রতিবাদে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ আহ্বান করেন। সেই সমাবেশেও গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু-কন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করে জোট সরকার।’ ২০০৪ সালের ৭ আগস্ট সিলেটের গুলশান সেন্টারে গ্রেনেড হামলার আট বছর পূর্তিতে সিলেট মহানগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল মঙ্গলবার বেলা দুইটায় ইব্রাহিম সঞ্চৃতি সংসদে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে গ্রেনেড হামলায় আহত নগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, জোট সরকার শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি। জঙ্গি হামলার মামলা ভিন্ন খাতে প্রবাহের জন্য আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার ও হয়রানি করে। সিলেটে একাধিক গ্রেনেড হামলার মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদের সংগঠক শরিফ শাহেদুল আলম ওরফে বিপুলকে বিএনপির নেতা এম ইলিয়াস আলী আশ্রয় দিয়েছিলেন উল্লেখ করে মিসবাহ আরও বলেন, ‘বিপুল ইলিয়াস আলীর মালিকানাধীন আলী কনস্ট্রাকশনে চাকরি করতেন। এতেই প্রমাণ হয়—গ্রেনেড হামলার ঘটনায় কার মদদ রয়েছে।’ মেয়র বদর উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ২০০৪ সালের ৭ আগস্ট সিলেটের গুলশান সেন্টারে আওয়ামী লীগের সভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। এই চক্র বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও হত্যার চেষ্টা করে। তারা ইতিমধ্যে আইভি রহমান, শাহ এ এম এস কিবরিয়াসহ অনেক নেতাকে হত্যা করেছে। আহত হয়েছেন অনেক নেতা-কর্মী। এদের বিচার অবশ্যই করতে হবে।’ আওয়ামী লীগের নেতা ফয়জুল আনোয়ারের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আইনজীবী রাজ উদ্দিন, রাধিকা রঞ্জন হোম চৌধুরী, শামসুল ইসলাম, তপন মিত্র, শেখ মকলু মিয়া, সৈয়দ শামীম আহমদ, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ টি এম হাসান জেবুল, মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার, সাধারণ সম্পাদক ইমরুল হাসান প্রমুখ। অনুষ্ঠানে গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ইব্রাহিম আলী সঞ্চরণে বিশেষ দোয়া করা হয়। বিভিন্ন সময় হত্যার হুমকি দেওয়ার পর ২০০৪ সালের ৭ আগস্ট সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদকে লক্ষ্য করে গ্রেনেড ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় মেয়র বেঁচে গেলেও প্রাণ হারান আওয়ামী লীগের নেতা ইব্রাহিম আলী। আহত হন সিলেট মহানগর আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিনসহ ২৫ থেকে ৩০ জন। এ ঘটনায় করা মামলাটির অধিকতর তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।