'আ.লীগপন্থী' শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ‘অনৈতিক কার্যকলাপের’ অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। আজ সোমবার এই দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ।

আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীদের অভিযোগ, তিনি নারীঘটিত অনৈতিক কাজে জড়িত; এতে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষকের বিরুদ্ধে অনৈতিক কার্যকলাপের অভিযোগ এনে তাঁর বিচার এবং ক্লাস-পরীক্ষা শুরুর দাবিতে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে ছাত্রলীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সভাপতি মুর্শেদুজ্জামান খানসহ কয়েকজন নেতা-কর্মী। শিক্ষক সমিতি এক ‘অপরাধী’ শিক্ষককে বাঁচানোর জন্য ছাত্রলীগের ওপর দায় চাপাতে চেষ্টা করছে বলে বক্তারা অভিযোগ করেন।

এদিকে, পরিকল্পিতভাবে ওই শিক্ষকের মানহানির চেষ্টায় জড়িত অপরাধীদের বিচারের দাবিতে গত বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছেন শিক্ষকেরা। ঘটনা তদন্তে গঠিত কমিটিকে তিন দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হলেও আজ শেষ দিনে প্রতিবেদন জমা পড়েনি।

এ বিষয়ে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবু হাদী নূর আলী বলেন, তদন্ত কমিটি প্রতিবেদন উপাচার্যের কাছে জমা দেওয়ার পর শিক্ষক সমিতির সাধারণ সভা ডাকা হবে। ওই সভায় ক্লাস-পরীক্ষা শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত বুধবার বহিরাগত নারী ও কর্মচারীসহ আওয়ামীপন্থী এক শিক্ষককে কে বা কারা তাঁর কক্ষে অবরুদ্ধ করে রাখেন। এ সময় কয়েকজন শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ আনেন। আর ওই শিক্ষক দাবি করেন, ছাত্রলীগ পরিকল্পিতভাবে তাঁর মানহানির চেষ্টা করছে।