'আ.লীগে যোগদান জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরী। গতকাল বিকেলে নগরের ধোপাদীঘিরপার এলাকায়।  ছবি: প্রথম আলো
সিলেটে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া ইনাম আহমদ চৌধুরী। গতকাল বিকেলে নগরের ধোপাদীঘিরপার এলাকায়। ছবি: প্রথম আলো

বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানের সিদ্ধান্তকে জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। গতকাল শুক্রবার বিকেলে সিলেটে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর বুধবার আমার সিদ্ধান্তের কথা আওয়ামী লীগের সভানেত্রীর কাছে জানানো হলে তিনি আমাকে গণভবনে ডেকে নেন। নির্বাচনের অতিগুরুত্বপূর্ণ সময়ে তিনি আমাকে প্রায় এক ঘণ্টা সময় দিয়েছেন।’

নগরের ধোপাদিঘিরপার এলাকায় হাফিজ কমপ্লেক্সে অনুষ্ঠিত সভায় ইনাম আহমদ বলেন, ‘ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়। মুক্তিযুদ্ধের আদর্শ ও উন্নয়নের অগ্রযাত্রার পক্ষে থাকতে আওয়ামী লীগে যোগ দিয়েছি। আমার যে পথ ছিল, সেটিকে সঠিক পথ হিসেবে মনে হয়নি। আওয়ামী লীগের যে বিবেচনাবোধ, গন্তব্যস্থল, সেটিকে আমার সঠিক পথ হিসেবে মনে হয়েছে। সে কারণেই আওয়ামী লীগে যোগ দিয়েছি।’

ইনাম আহমদ চৌধুরী গত বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে আওয়ামী লীগে যোগ দেন। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে ফুলের তোড়া উপহার দেন। বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমেদ চৌধুরী এর আগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিলেটের গোলাপগঞ্জের বাসন্দি ইনাম আহমদ চৌধুরী সিলেট-১ (মহানগর-সদর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। গত ২৮ নভেম্বর এ আসনে যে দুজনকে বিএনপিদলীয় প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছিল, তাঁদের একজন ছিলেন তিনি।

আওয়ামী লীগে যোগদানের পর গতকাল সিলেটে আওয়ামী লীগের মতবিনিময় সভায় প্রথম অংশ নিয়ে দল পরিবর্তনের সিদ্ধান্তের বিষয়ে কথা বলেন তিনি।

মনোনয়নবঞ্চিত হয়ে দলবদল নয় দাবি করে ইনাম আহমদ চৌধুরী বলেন, ‘মনোনয়ন না পাওয়ার কারণগুলো অনুসন্ধান করলে খারাপ লাগবে। কারণ, সেটি দেশপ্রেমের প্রমাণ বহন করে না। আসলে আমার যে বিবেচনাবোধ, বিবেচনাবোধের একটি মৃত্যু আমি সহ্য করতে পারিনি। তা ছাড়া আদর্শগত কারণ আছে।’

>ইনাম আহমদ চৌধুরীর আওয়ামী লীগে যোগদানে দলের কোনো ক্ষতি দেখছেন না সিলেটে বিএনপির নেতারা।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এ কে আবদুল মোমেন বলেন, ‘আমি গর্বিত বড় ভাই হিসেবে ইনাম আহমদ চৌধুরী আমার প্রচারণায় অংশ নিতে পাশে এসে দাঁড়িয়েছেন।’

সভায় আরও বক্তব্য দেন সিলেট নগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। পেশাজীবীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুছ, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক এস এ আজিজ, কর আইনজীবী সমিতির সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা প্রমুখ।

বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরীর আওয়ামী লীগে যোগদানে দলের কোনো ক্ষতি দেখছেন না সিলেটে বিএনপির নেতারা। তাঁরা বলছেন, মনোনয়নবঞ্চিত হয়ে নিষ্ক্রিয় হতে দেখা গেছে। পদত্যাগ অথবা বিদ্রোহী প্রার্থী হতে দেখেছেন। কিন্তু এভাবে হুটহাট প্রতিপক্ষ দলে যোগদান করার নজির প্রথম দেখলেন। এতে শুধু বিস্মিত নন, হতবাক সিলেটে বিএনপির নেতারা। সেই সঙ্গে তাঁর প্রতি ক্ষোভও প্রকাশ করছেন।

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, ‘আমরা আশ্চর্য হয়েছি। দলের কোনো ক্ষতি হবে না। এটা উনার ব্যক্তিগত ক্ষতি ছাড়া দলের ক্ষতি নয়। এভাবেই দেখছি আমরা।’

ইনাম আহমদ চৌধুরীর আগে একই পদে থাকা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সিলেটের আরও এক রাজনীতিবিদ সমশের মবিন চৌধুরী দল ত্যাগ করে বিকল্পধারায় যোগ দিয়েছেন।

জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী বলেন, ‘বিএনপি একটি বড় দল, এখানে দু-একটা গাছের পাতা ঝরে পড়ে, তাহলে কিছু যায় আসে না। অতীতে যাঁরা দল ত্যাগ করেছেন, তাঁরা কেউই লাভবান হতে পারেননি।’