‘আঁই দেহিনো কে আঁরে এসিড মাইচ্ছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সন্তাসীরা এসিড মাইর্যা আঁর (আমার) মুখ-চোখ-বুক-পিঠ জ্বালাইয়্যা দিছে, আঁই যন্তনায় (যন্ত্রণায়) তিন বছর দোইর্যা রাইত্যা গুমাইতাম পারিনো, সারা রাইত কান্দি, কানতে কানতে অ্যাহোন আঁর দুইডা চোকই নষ্ট। আঁই দেহিনো কে আঁরে এসিড মাইচ্ছে। কিন্তুক এসিডের কি যন্তনা আঁই বুঝি।’‘ঘুরে দাঁড়াবার দিন’ স্লোগানে গতকাল বুধবার এসিড-সহিংসতা প্রতিরোধে ভোলা জেলার কমিনিউটির সঙ্গে এসিড সারভাইভারদের সমাবেশে ভোলা কবি মোজাম্মেল হক টাউন হলে কথাগুলো বলেন লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের বনিপাড়া বাড়ির এসিড-সন্ত্রাসের শিকার বিবি ফাতেমা (৪৯)। এ সমাবেশের আয়োজন করেছে জেলা এসিড নিয়ন্ত্রণ কাউন্সিল ও কোস্ট ট্রাস্ট। সহযোগিতায় ছিল এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও অস-এইড।সকাল ১০টায় শোভাযাত্রা শেষে সহকারী জেলা প্রশাসন ইসমাইল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক মেসবাহুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান ফজলুল কাদের মজনু, কোস্ট ট্রাস্টের জ্যেষ্ঠ সমন্বয়কারী এম এস শারমিন, এসিড সারভাইভারস ফাউন্ডেশনের সমাজকর্মী রুনা লায়লা প্রমুখ। দিনব্যাপী আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করে মাটি মিউজিক্যাল ট্রপ্স।