'আঁতাতের রায়' প্রত্যাখ্যান গণজাগরণ মঞ্চের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো
পুলিশের হামলায় আহত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। গতকাল দুপুরে তোলা ছবি l প্রথম আলো

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ।
মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই রায়কে ‘আঁতাতের রায়’ উল্লেখ করে শাহবাগে রাস্তা অবরোধ করতে গেলে তাঁদের ওপর হামলা করে পুলিশ। এতে ইমরানসহ অন্তত চারজন আহত হয়েছেন। রায় ও হামলার প্রতিবাদে শুক্রবার বিকেল চারটায় শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। এ ছাড়া, আজ বৃহস্পতিবার চারটায় সারা দেশে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ করবে।
রায়ের পর থেকে গতকাল বুধবার রাত পর্যন্ত পৃথকভাবে শাহবাগে অবস্থান নিয়েছিল গণজাগরণ মঞ্চের দুই অংশ। আপিল বিভাগের রায়ের পর জাতীয় জাদুঘরের সামনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইমরান এইচ সরকার সাংবাদিকদের বলেন, ‘জামায়াতের সঙ্গে আঁতাত করে পরিকল্পিতভাবে এ রায় দেওয়া হয়েছে। এই রায় উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক।’
সকাল সাড়ে ১০টার দিকে ইমরান এইচ সরকার একটি মিছিল নিয়ে ট্রাইব্যুনালের দিকে যান। সেখান থেকে ফিরে এসে তিনি ‘জামায়াতকে রাজনীতিতে পুনর্বাসন করার জন্য এই রায় দেওয়া হয়েছে’ বলে মন্তব্য করেন। এ রকম একটি রায় দেওয়ার জন্য বছর খানেক ধরে ষড়যন্ত্র হচ্ছিল বলে তিনি দাবি করেন।
পুলিশি বাধা উপেক্ষা করে বেলা ১১টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন মঞ্চের নেতা-কর্মীরা। সেখানে তাঁরা ‘প্রহসনের এই রায়, মানি না মানব না’; ‘রাজাকার সাঈদীর ফাঁসি চাই, দিতে হবে’; ‘জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’ এসব স্লোগান দিতে থাকেন।
বেলা ১১টা ৩৯ মিনিটে শিশুপার্কের দিক থেকে আসা দুটি জলকামান থেকে গরম ও রঙিন পানি ছুড়তে থাকে পুলিশ। এ সময় ফুলের দোকানের পাশে অবস্থান নিয়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে বেশ কয়েকটি বাস ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুরের ঘটনা ঘটে। পুলিশের হামলায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার, মঞ্চের কর্মী নাফিস, বিন্দু ও মোস্তাক আহত হন। তাঁদের একটি বেসরকারি টেলিভিশনের গাড়িতে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও বেশ কয়েকজন আহত হলেও তাঁরা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন।
হামলার প্রতিবাদে তাৎক্ষণিকভাবে জাদুঘরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে ‘শাহবাগ আন্দোলন’। গণজাগরণ মঞ্চে বিভক্তির পর পাঁচটি বাম ছাত্রসংগঠন মিলে একটি আলাদা প্ল্যাটফর্ম গঠন করেছিল। মিছিল করে তারা শাহবাগ মোড়ের দিকে গেলে তাদেরও জলকামান নিয়ে ধাওয়া করে আজিজ সুপার মার্কেট পর্যন্ত নিয়ে যায় পুলিশ।
পুলিশের রমনা বিভাগের সহকারী কমিশনার শিবলী নোমান বলেন, ‘আমরা কারও শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেইনি। যান চলাচলে বিঘ্ন ঘটায় প্রথমে তাঁদের সরে যেতে বলা হয়েছে। তারা না সরায় জলকামান ব্যবহার করতে হয়েছে।’
পুলিশের হামলার সময় জাতীয় জাদুঘরের সামনে ইমরানবিরোধী অংশের প্রতিবাদী গণসংগীত চলছিল। একপর্যায়ে গণসংগীত থামিয়ে ওই অংশের নেতা কামাল পাশা চৌধুরী মাইকে হামলার নিন্দা জানান। সকালে এই অংশের নেতা-কর্মীরাও শাহবাগ মোড়ে অবস্থান নিতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে শাহবাগেই বিক্ষোভ মিছিল শেষে জাদুঘরের সামনে বক্তৃতা ও প্রতিবাদী গণসংগীতের আয়োজন করেন তাঁরা। রায়ের প্রতিক্রিয়ায় কামাল পাশা চৌধুরী বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এ রায় মানি না। এ রায়কে আমরা প্রত্যাখ্যান করছি। এ রায়ের মাধ্যমে স্বাধীন দেশের মানুষ প্রতারিত হয়েছে।’
পুলিশের হামলার পর দুপুর ১২টার দিকে আজিজ সুপার মার্কেট থেকে পুনরায় সংগঠিত হয়ে বিক্ষোভকারীরা ফিরে এসে জাতীয় জাদুঘরের সামনে একটি সমাবেশ করেন। এ সময় তাঁদের সঙ্গে বাংলাদেশ অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্কের একাংশ যোগ দেয়। এরাও সংবাদ সম্মেলন করে দুই পক্ষকে বর্জন করেছিল।
শাহবাগ আন্দোলনের সংগঠক বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ও বোয়ানের অন্যতম সদস্য কানিজ আকলিমা সুলতানা আন্দোলনের স্বার্থে দুই অংশকে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দেওয়ার প্রস্তাব করেন। উভয় অংশের নেতাদের মতামত অবিভক্ত কর্মসূচির পক্ষে থাকলেও বেলা দেড়টার দিকে ইমরানপন্থী অংশ আলাদাভাবেই বিকেলে সমাবেশ ডাকে।
হাসপাতালে ভর্তি থাকায় ইমরান এইচ সরকার বিকেলের সমাবেশে যোগ দেননি। ব্লগার মারুফ রসূলের সঞ্চালনায় সমাবেশে যুব ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান, ছাত্র ইউনিয়ন সভাপতি হাসান তারেক, ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক ইমরান হাবিব, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সাধারণ সম্পাদক শম্পা বসু প্রমুখ বক্তব্য দেন। এ সময় অপর অংশের প্রতিবাদী সংগীত হচ্ছিল। সেখানে তীব্র শব্দদূষণের সৃষ্টি হয়। উভয় অংশ থেকেই একাধিক বক্তা অপরকে কটাক্ষ করে বক্তব্য দেন।
ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী রায় ও হামলার তীব্র নিন্দা জানিয়ে সরকারের প্রতি ‘সুনির্দিষ্টভাবে সুবিচার’ দাবি করেন। পরে ব্লগার আরিফ জেবতিক ইমরান এইচ সরকারের পক্ষে কর্মসূচি ঘোষণা করেন।