'আঁর পোয়ারে ফিরাই দিতো হ'
‘আল্লাহ আঁরে ন লইজায় আঁর পোয়ারে কিয়ল্লাই লই গেল গই। আঁর পোয়ারে ফিরাই দিতো হ।’ সড়ক দুর্ঘটনায় ছেলে ওয়াহিদুল হাসানের (১৯) মৃত্যুর খবর শুনে এভাবেই বিলাপ করছিলেন মা সেলিনা আক্তার।
গতকাল শনিবার বিকেলে সীতাকুণ্ডের ছলিমপুর ইউনিয়নের উত্তর ছলিমপুর গ্রামে ওয়াহিদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর মা একটু পরপর মূর্ছা যাচ্ছেন। জ্ঞান ফেরার পর তাঁকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্বজন ও প্রতিবেশীরা।
গতকাল সকালে চট্টগ্রাম নগরের সিটি গেট এলাকায় ট্রাকচাপায় মারা যান উত্তর কাট্টলী মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের ছাত্র ওয়াহিদুল হাসান ও দেলোয়ার হোসেন। নিহত ওয়াহিদুল ছলিমপুর পীরবাড়ির এনামুল হকের ছেলে ও দেলোয়ার হোসেন সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের বার আউলিয়া এলাকার শামসুল হকের ছেলে। তাঁরা দুজনই কলেজে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যান।
ওয়াহিদুলের বাড়িতে গিয়ে দেখা যায়, ছেলে হারানোর শোকে যেন পাথর হয়ে গেছেন বাবা এনামুল হক। মা সেলিনার গগনবিদারী বিলাপে আশপাশের পরিবেশ ভারী হয়ে আসে। কাঁদছেন স্বজন ও প্রতিবেশীরা।
এনামুল হক ছলিমপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অফিস সহকারীর পদে চাকরি করেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে ওয়াহিদ ছিলেন সবার বড়। তাঁর চাচা এমরানুল হক প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার পর প্রথমে ভাই-ভাবিকে মৃত্যুর খবর জানাইনি। কিন্তু কীভাবে জানি, ছেলের মৃত্যুর খবর জেনে যান ভাবি। এরপর থেকেই তিনি বারবার মূর্ছা যাচ্ছিলেন। পরিবারের সবার আশা ছিল লেখাপড়া শেষে চাকরি করে সংসারের হাল ধরবে ওয়াহিদ। কিন্তু একটি দুর্ঘটনা ভাইয়ের সব স্বপ্ন শেষ করে দিয়েছে।’
ওয়াহিদের চাচাতো ভাই মো. রাকিব জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ওয়াহিদ।
দেলোয়ারের মৃত্যুর খবর পেয়ে তাঁর বাবা শামসুল হক হাসপাতালে গিয়ে অচেতন হয়ে পড়েন। পরে তাঁর জ্ঞান ফিরলেও কারও সঙ্গে কথা বলছেন না। গতকাল বিকেলে দেলোয়ারের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, মা জাহানারা বেগমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন স্বজনেরা। বাবা এনামুল হক ভাষাহীন।
স্বজনেরা জানান, শামসুল হক হাফিজ জুট মিলসে কাজ করেন। তাঁর বড় ছেলে সাইফুল ইসলাম একটি দোকানে কাজ করেন। দুজনের আয়ে সংসার চলত। ছোট ছেলে দেলোয়ারের লেখাপড়া নিয়ে আগ্রহের কমতি ছিল না বাবার। আশা ছিল, এই ছেলে পড়াশোনা শেষে পরিবারের হাল ধরবেন।