'আঁর পোয়ারে ফিরাই দে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁর পোয়া মিজানরে ফিরাই দে। আঁর পোয়া হন রাজনীতি ন গরে। আঁর পোয়ারে কনে মাইল্য? আঁর পোয়া মানুষর বাড়িঘরত রংর হাজ গরি সংসার চালায়। এহন সংসার হনে দেহিব।’ বড় ছেলে মিজানুর রহমানকে (১৬) হারিয়ে মা নুরুজ্জাহান বেগম (৪০) এভাবে বিলাপ করছিলেন। গত শুক্রবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাইজকাকারার পুলেরছড়া সেতুসংলগ্ন এলাকায় বিএনপি-আওয়ামী লীগ নেতা-কর্মীদের সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনায় মিজানুর নিহত হয়। সে ওই এলাকার রিকশাচালক শাহ আলমের ছেলে।
গতকাল শনিবার সকাল ১০টায় নিহত মিজানুর রহমানের বাড়িতে গিয়ে দেখা গেছে, ছোট ঝুপড়িঘরে মা নুরুজ্জামান বেগম (দরজার সামনে বসে) বিলাপ করছেন। সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি ছেলেকে ফিরিয়ে দেওয়ার দাবিতে কান্নায় ভেঙে পড়েন। ছেলের একটি ছবি তুলে ধরে হত্যাকারীদের ফাঁসি দাবি করেন। বড় মেয়ে শারমিন আকতার মাথায় হাত বুলিয়ে মাকে সান্ত্বনা দিচ্ছেন এই বলে—মিজান এখন ফিরে আসবে। নুরুজ্জাহান বেগম বলেন, শুক্রবার বেলা দুইটার দিকে তাঁর মেজো ছেলে নজরুল ইসলাম (১২) বিএনপি নেতা-কর্মীদের একটি মিছিল দেখে সেখানে দৌড়ে যায়। একটু পর ছোট ভাইকে আনতে যায় বড় ভাই মিজান। ওই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের গোলাগুলি শুরু হয়। কে জানত ওই গুলিতে মিজান মারা যাবে—এই বলে মা আবার মূর্ছা যান।
মিজানের বড় মামা ছৈয়দ আলম (৫৫) বলেন, চার ভাই ও তিন বোনের মধ্যে দ্বিতীয় মিজান। বড় বোনের বিয়ে হয়ে গেছে। তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়া মিজান অসচ্ছল পরিবারের হাল ধরতে রংমিস্ত্রির কাজ করত। মিজান মারা যাওয়ায় এখন পরিবারটি বেকায়দায় পড়ল।
প্রতিবেশী বশির আহমদ (৪৫) বলেন, মিজান সকালে কাজের সন্ধানে বের হয়ে রাতে ঘরে ফিরত। তাকে কোনো দিন রাজনীতি বা মিছিল-সমাবেশে দেখা যায়নি। ছেলে হত্যার মামলা করছেন না কেন, জানতে চাইলে নুরুজ্জাহান বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। কার বিরুদ্ধে থানায় মামলা করব? মামলার খরচ চালাবে কে? ছেলে হত্যার বিচার আল্লাহ করবে।’