‘আঁর মানিক কই। এই মানিকই আছিল আঁর ভরসা। তোমরা আঁর মানিকে রে কিচ্ছ। আঁর মানিকে রে আঁর বুকে আনি দে। মানিক চলি গেলে আঁই কেন্নে বাঁচুম। আঁর সোন্দর মানিক, বাবা তুই কন্নাই চলি গেলি রে।’বাহরাইনে অগ্নিকাণ্ডে নিহত নোয়াখালীর সোনাইমুড়ীর বারগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ওছমান গনির (২২) বিধবা মা সাদিয়া বেগমের (৪৮) বুকফাঁটা এই আহাজারি আবেগাফ্লুত করে তোলে পড়া-প্রতিবেশীদের।গতকাল রোববার সকালে কাশিপুর গ্রামের হেঞ্জু ব্যাপারীর বাড়িতে গেলে ওছমানের বড় ভগ্নিপতি মহিনউদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর শ্বশুর মৃত আবদুর রহিমও বাহরাইন থাকতেন। ২০০৭ সালের শেষ দিকে তিনি ছুটিতে দেশে আসেন। ফিরে যাওয়ার সপ্তাহ খানেক আগে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। মৃত্যুর খবর শুনে বাহরাইনে তাঁর কোম্পানি বড় ছেলে ওছমান গনিকে ভিসা দিতে রাজি হয়। ওছমান ওই বছর স্থানীয় কাশিপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে অষ্টম শ্রেণী পাস করেছিল। পিতা মারা যাওয়ায় সংসারের হাল ধরতে ২০০৮ সালের প্রথম দিকে বাহরাইন যায় ওছমান। দুই বছর পর ২০১০ সালে এবং সর্বশেষ গত অক্টোবর মাসে দেশে আসেন ওছমান। ফিরে যান গত ২ ডিসেম্বর। তিনি আরও বলেন, বাহরাইন থেকে ওছমানের পাঠানো টাকায়ই সংসার চলত। তিন বছর আগে তাঁর পাঠানো টাকায়ই বিয়ে দেওয়া হয় ছোট বোন হাজেরা বেগমকে। কথা ছিল দুই-তিন বছর পর দেশে এলে ওছমানকেও বিয়ে করানো হবে। কিন্তু তাঁর আগেই দেশে ওছমানের লাশ ফিরে আসছে। ওছমানের চাচা সফিকুর রহমান বলেন, পাঁচ ভাইবোনের মধ্যে ওছমান ছিল ভাইবোনদের মধ্যে তৃতীয়। তিন বোনেরই বিয়ে হয়ে গেছে। ছোট ভাই সাইফুল ইসলাম পড়ে স্থানীয় নুরানি মাদ্রাসায় তৃতীয় শ্রেণীতে। একমাত্র উপার্জনক্ষম এই ছেলের মৃত্যুতে গোটা পরিবার এখন অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলে জানান তিনি। ছোট ভাই সাইফুল ভাই হারানোর শোক যে কী তাও বোঝার বয়স হয়নি। সে প্রথম আলোকে জানায়, বড় ভাই বিদেশ থেকে তার জন্য কোট ও চকলেট নিয়ে এসেছিল। যাওয়ার সময় বলেছে, ঠিকমতো লেখাপড়া করতে। এদিকে ঘটনার তিন দিন পরও স্থানীয় প্রশাসনের কেউ ওছমানদের বাড়িতে যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা বেগম বলেন, গতকাল বিকেল পর্যন্ত সরকারিভাবে তাঁকে কোনো তথ্য জানানো হয়নি।