‘আঁরা কিল্যাই বর্মাত যাইয়ুম’
‘আঁরার বাপ-মা বর্মাত তুন আইস্যে, ঠিক আছে। কিন্তু আঁরার জন্মত এই দেশত। আঁরা কিল্যাই বর্মাত যাইয়ুম। বর্মাত আঁরাত তুন ভালা নলাগিব।’ গতকাল শুক্রবার বেলা ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং পাহাড়ে স্থাপিত বস্তির সামনে দাঁড়িয়ে রোহিঙ্গা শিশু আবদুল আমিন কথাগুলো বলে। এ সময় তার পাশে দাঁড়ানো শিশু সখিনা, আলম ও নবী জানায়, বার্মা মগের (উপজাতি) দেশ। তারা রোহিঙ্গা মুসলমানদের ওপর অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। এই মুহূর্তে সেখানে যাওয়া নিরাপদ নয়। সেখানে ফিরে যাওয়ার চেয়ে এখানে মরে যাওয়া অনেক ভালো। বর্তমানে কুতুপালং শিবিরে সরকারি তালিকাভুক্ত রোহিঙ্গা শরণার্থী রয়েছে এক হাজার ১৯৪ পরিবারের নয় হাজার ৮৫০ জন। এই শিবিরের বাইরে আশপাশের পাহাড় দখল করে অবৈধভাবে বসবাস করছে আরও অন্তত ৭০ হাজার রোহিঙ্গা। গত কয়েক মাসে এই রোহিঙ্গারা নাফ নদী অতিক্রম করে অবৈধভাবে টেকনাফে ঢুকে পড়ে এখানে বসতি শুরু করে। তারা এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শরণার্থীর মর্যাদা দাবি করছে। এসব শিবির পরিদর্শন করে শত শত শিশুর মুখে মিয়ানমারে ফিরে না যাওয়ার কথা শোনা গেছে। কয়েকজন রোহিঙ্গা জানান, মিয়ানমারে ফিরে না যাওয়ার জন্য শিবিরে কর্মরত বেসরকারি কয়েকটি সংস্থার লোকজন রোহিঙ্গা ও শিশুদের এ ধরনের কথা শিখিয়ে দিচ্ছেন। ইউরোপীয় ইউনিয়নসহ অর্থসহায়তা দানকারী বিদেশি সংস্থার প্রতিনিধিরা শিবির পরিদর্শনে এলে শিশুদের মাধ্যমে এসব কথা তুলে ধরা হয়। কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসনের কার্যালয় সূত্র জানায়, গত ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৭ বছরে উখিয়া ও টেকনাফের দুটি শিবিরে জন্ম নেয় ৪০ হাজার ২৪ জন শিশু। এর মধ্যে মারা যায় আট হাজার ৩২৬। অবশিষ্ট ৩১ হাজার ৬৯৮ শিশু শিবিরে থেকে বড় হচ্ছে। এদের বয়স এক মাস থেকে ১৬ বছর। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্রায় চার লাখের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা পরিবারেও এ ধরনের বাংলাদেশে জন্ম নেওয়া ৬০ হাজারের মতো শিশু রয়েছে। দেখা গেছে, প্রতিদিন হাজার হাজার রোহিঙ্গা শিশু সমুদ্রসৈকতে বিচরণ করে শামুক-ঝিনুক, চিংড়ির পোনা আহরণ করে। সংরক্ষিত বনাঞ্চল ও ঝাউবাগানে ঢুকে সংগ্রহ করে জ্বালানি কাঠ। সৈকতে ফেরি করে চা-বাদাম, চানাচুর, ডাব, আমড়া বিক্রি করে। হোটেল-রেস্তোরাঁয় করে শ্রমিকের কাজ। ছোটখাটো চুরি-ছিনতাই কাজেও জড়িত কেউ কেউ। বস্তি বা শিবির ছেড়ে হাজার হাজার শিশু শহর-বন্দর-গ্রামে ভিক্ষা করছে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির আহ্বায়ক ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হামিদুল হক চৌধুরী জানান, অবৈধভাবে বসবাসকারী চার লাখ রোহিঙ্গা এখন কক্সবাজারের ২৬ লাখ মানুষের কাছে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। ৩০ এপ্রিলের মধ্যে চার লাখ রোহিঙ্গাকে এক জায়গায় জড়ো করে মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে হবে। নয়তো ২ মে থেকে কক্সবাজারে রোহিঙ্গা হটাও আন্দোলন শুরু হবে।