‘আঁরা হরতাল ন মানি কেউ মানাও ন গরে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আঁরা (আমরা) হরতাল ন মানি (মানি না), কেউ আঁরারে মানাও (বাধাও) ন গরে (দিচ্ছে না)। হরতাল মানি (মেনে) মাছ ন ধরিলে সংচার চলিব কেনে? জীবনত (জীবনে) হনদিন (কোনো দিন) চরর মধ্যে (সৈকতে) হরতাল অইয়েদে (হয়েছে) নদেহি দেখিনি)।’ বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের দিন গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কক্সবাজারের উখিয়া উপজেলার মনখালী সৈকতে মাছ ধরতে ধরতে কথাগুলো বলছিলেন স্থানীয় জেলে আহমদ কবির (৫৬)।সকাল ছয়টা থেকে আহমদ কবিরের সঙ্গে একটি নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে নামেন মনখালী গ্রামের সৈয়দ আহমদ (৪৫), মনির উল্লাহ (৪১), মো. আনোয়ার (২৩), ফজলুল করিম। জালের এক মাথা ধরে চার জেলে কূলে দাঁড়িয়ে থাকেন, আরও চার জেলে জালের অপর মাথা নিয়ে ইঞ্জিনচালিত নৌকায় করে সাগরের আধা কিলোমিটার পর্যন্ত ঘুরে (জাল ফেলে) আসেন। তারপর কূলে দাঁড়িয়ে জেলেরা জালের দুই মাথা ধরে টানতে থাকেন। সর্বমোট এক ঘণ্টার মধ্যে জাল টেনে ধরা হয় ছোট আকৃতির পোপা, ফাঁইস্যা, লইট্যা, চিংড়ি, ছিটকিরি, ছুরিসহ নানা মাছ। ধরে আনা মাছ বালুচরে ফেলে চলে বেচাবিক্রি। ব্যবসায়ীরা মাছের চারপাশে গোল করে দাঁড়িয়ে দরদাম করেন। সবচেয়ে বেশি দাম যিনি হাঁকেন, তাঁকেই দেওয়া হয় তরতাজা মাছ।নৌকার মালিক আবদুল খলিল (৪৫) জানান, একটি নৌকা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ ১৫ বার সাগরে জাল ফেলে মাছ ধরতে পারে। জোয়ারের সময় জালে মাছ ধরা পড়ে বেশি, ভাটার সময় কম। প্রতিবার কোনো কোনো সময় ২০-৩০ হাজার টাকার মাছ ধরা পড়ে। আবার কোনোবার ৫০০ টাকাও পাওয়া যায় না।সৈকতের মনখালী ছাড়াও কক্সবাজার শহরের নাজিরারটেক, ফদনারডেইল, কলাতলী, বড়ছড়া, উখিয়ার ইনানী, ছেপটখালী, টেকনাফের বাহারছড়া, শামলাপুর, বড়ডেইল, জাহাজপুরা, হাজমপাড়া, মহেশখালীয়াপাড়া, শাহপরীর দ্বীপসহ প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ সৈকতে গতকাল একই কায়দায় মাছ ধরেন অন্তত ৬০-৭০ হাজার জেলে। হরতাল নিয়ে এঁদের কোনো চিন্তা নেই।