'আইএস! আইএস' বলে বাংলাদেশির ওপর হামলা
যুক্তরাষ্ট্রে গত শুক্রবার এক বাংলাদেশি মুসলিম অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তির হামলার শিকার হয়েছেন। মুসলমানদের ঐতিহ্যবাহী পোশাক পরার কারণেই তিনি হামলার শিকার হয়েছেন বলে মনে করা হচ্ছে। খবর নিউইয়র্ক পোস্টের।
মুজিবর রহমান নামের ওই ব্যক্তি এক বছর ধরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রয়েছেন। মুজিবর জানান, নিউইয়র্কের ব্রনক্স এলাকার স্কুল থেকে ভাতিজি ইমা আহমেদকে নিয়ে শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে বাসায় ফিরছিলেন তিনি। এ সময় মুখোশধারী দুই ব্যক্তি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে।
মুজিবর বলেন, ‘হঠাৎ করেই তারা পেছন দিক থেকে এসে আমাকে মারতে শুরু করে। তারা আমার মুখমণ্ডল, মাথা ও কাঁধে আঘাত করে। আমি মাটিতে পড়ে যাই। তখন আমার নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল।’
মুজিবর জানান, হামলাকারীরা ঘটনার সময় ‘আইএস! আইএস’ বলে চিৎকার দেয়। অথচ এর আগে তিনি আইএসের নামও কখনো শোনেননি। তিনি বলেন, ‘আমি পোশাক-আশাকে একজন মুসলমানের মতো ছিলাম। এ কারণেই আমি আক্রান্ত হয়েছি। এর আগে কখনো এমনটি ঘটেনি। আর কারও ওপর ভবিষ্যতে ঘটনা যাতে না ঘটে, আমি সেই কামনা করি।’
ঘটনার পর মুজিবরের ভাতিজি ইমা আহমেদ খুবই আতঙ্কিত হয়ে পড়েছে। এমনকি সে স্কুলে যাওয়া-ই বন্ধ করে দিয়েছে।
ঘটনাটি তদন্ত করছে নিউইয়র্ক পুলিশের হেট-ক্রাইম টাস্কফোর্স। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।