'আইএসের সঙ্গে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে “হোম গ্রোন”দের যোগাযোগ থাকতে পারে'
ঢাকায় পুলিশপ্রধানদের সম্মেলনের দ্বিতীয় দিনে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, ‘হোম গ্রোন’ জঙ্গিদের সঙ্গে আইএসের ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে যোগাযোগ থাকতে পারে। তবে দেশীয় জঙ্গিদের আইএস-অধ্যুষিত এলাকায় গিয়ে প্রশিক্ষণ নেওয়া বা অন্য কোনো কর্মকাণ্ডে যুক্ত থাকার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আজ সোমবার সোনারগাঁ হোটেলের লবিতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এ কথা বলেন।
সম্মেলনের প্রথম দিনে জঙ্গিবাদ বিশেষজ্ঞ রোহান গুণারত্নে বলেন, গুলশানের হলি আর্টিজানে হামলা করেছিল আইএস; জেএমবি নয়। তাদের ‘হোম গ্রোন’ বলা ভুল। হামলাকারীদের পরিচয় সম্পর্কে রাজনৈতিক নেতৃত্ব অসত্য বলেছেন।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আইজিপি বলেন, জঙ্গিগোষ্ঠীটির অনেকে তাঁদের হাতে গ্রেপ্তার হয়েছেন। কেউ বলেননি তাঁরা আইএস। অনেকে মারা গেছেন। তাঁদের আত্মীয়স্বজনও বলেননি। সবাই জেএমবির কথাই বলেছেন।
এ কে এম শহীদুল হক বলেন, ‘এরা কেউ বাংলাদেশ ত্যাগ করে আইএসের সঙ্গে ট্রেনিং নেয়নি। তবে ভার্চ্যুয়াল ওয়ার্ল্ডে তাদের বিচরণ থাকতে পারে। নেটওয়ার্ক থাকতে পারে। ফেসবুকে থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় থাকতে পারে। সেটা তাদের নিজস্ব।’
আইজিপি দেশীয় জঙ্গিদের ‘আইএস’ বলে চালানো একটা ‘প্রোপাগান্ডা’ (প্রচারণা) এবং ‘বেইজলেস প্রোপাগান্ডা’ (ভিত্তিহীন প্রচারণা) বলে উল্লেখ করেন। কারণ, তাঁর ভাষায়, গুলশানের ঘটনার পর আইএস হামলার দায় স্বীকার করলেও এরপর পুলিশি অভিযানে যাঁরা নিহত হয়েছেন, আইএস তাঁদের ব্যাপারে কোনো মন্তব্য করেনি।
রোহান গুণারত্নের বক্তব্য সম্পর্কে শহীদুল হক বলেন, ‘রোহান পুলিশ কর্মকর্তা বা সেনা কর্মকর্তা নন। তিনি নিরাপত্তা ইস্যু নিয়ে মাঠে কাজ করেন না। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের গবেষক। তিনি তাঁর মতো করে বলেছেন। এ দেশের প্রেক্ষাপট তাঁর ভালো জানা নেই।’
তবে বাংলাদেশের হোম গ্রোন জঙ্গিরা আইএস ভাবাদর্শে উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে বা নব্য জেএমবি আইএস ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে থাকতে পারে বলে উল্লেখ করেন আইজিপি। কিন্তু আইএসের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। রোহান যা বলেছেন, তা বাংলাদেশ পুলিশ অনুমোদন করে না বলেও জানান এ কে এম শহীদুল হক।