'আইএসের সমন্বয়ক'সহ চার সন্দেহভাজন জঙ্গির বিচার শুরু
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মধ্যপ্রাচ্যভিত্তিক সন্ত্রাসবাদী সংগঠন ‘আইএসের সমন্বয়ক’ সাফায়াতুল কবীরসহ চার সন্দেহভাজন জঙ্গির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার ৪ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. রুহুল আমিন অভিযোগ গঠন করেন। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো। আদালত আগামী বছরের ২৫ ফেব্রুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেছেন।
এ ব্যাপারে সংশ্লিষ্ট আদালতের সরকারি কৌঁসুলি এ বি এম বসির উদ্দিন মিঞা প্রথম আলোকে বলেন, এজাহার ও অভিযোগপত্রে আসামিদের আইএসের সক্রিয় সদস্য বলা হয়েছে। আসামিদের কাছ থেকে এ-সংক্রান্ত ভিডিওসহ আনুষঙ্গিক আলামত জব্দ করেছে পুলিশ। সাক্ষ্য গ্রহণের সময় তা আদালতে উপস্থাপন করা হবে।
মামলার অভিযুক্ত অপর তিন আসামি হলেন আনোয়ার হোসেন, মো. রবিউল ইসলাম ও নজরুল ইসলাম।
যাত্রাবাড়ী থানায় করা এই মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক এ কে এম কামরুল আহসান গত ১৫ মে আদালতে চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে বলা হয়, ‘আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ, জব্দকৃত আলামত, সাক্ষ্য-প্রমাণে প্রমাণিত হয়েছে যে উল্লিখিত আসামিরা বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সক্রিয় সদস্য। এক নম্বর আসামি সাফায়াতুল কবীর জেএমবির আঞ্চলিক সমন্বয়ক। সে পাকিস্তান হতে প্রশিক্ষণ গ্রহণ করে জেএমবির পাশাপাশি আইএসআইএসের (ইসলামিক এস্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া) সমন্বয়কের দায়িত্ব পালন করছে। তারা জেএমবি ও আইএসআইএসের মতাদর্শে উজ্জীবিত হয়ে পরস্পর যোগসাজশে খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য গোপনে বিভিন্ন ভিডিও প্রদর্শন ও জিহাদি লিফলেট বিতরণ করেছে।’
অভিযোগপত্র দাখিলের পর বিচারের জন্য মামলাটি ঢাকার চতুর্থ মহানগর দায়রা জজ আদালতে আসে। এই আদালতে জামিনের আবেদন করেন আনোয়ার হোসেন ও রবিউল ইসলাম। গত ১৫ অক্টোবর আসামি আনোয়ার হোসেন তাঁর জামিন আবেদনে উল্লেখ করেন, ‘যেহেতু বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাই আসামি কোনো সন্ত্রাসী বা আইনশৃঙ্খলা বিঘ্নকারী কোনো অপরাধ সংঘটিত করেনি।’
আদালত জামিনের আবেদন নাকচ করে আদেশে বলেন, নথি পর্যালোচনায় দেখা যায়, আসামি আনোয়ার হোসেন সাক্ষীদের মোকাবিলায় স্বীকার করেন যে এই আসামিসহ অন্যান্য আসামি নিষিদ্ধ সংগঠন জেএমবির সক্রিয় সদস্য। তাঁরা বাংলাদেশে অবস্থান করে মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক সংগঠন আইএসের দিকনির্দেশনা মোতাবেক সদস্য সংগ্রহের জন্য বৈঠক করাকালীন তাঁদের আটক করা হয়েছে।’
মামলায় সাক্ষী করা হয়েছে ১৪ জনকে। তাঁদের মধ্যে ডিবির উপপরিদর্শক মশিউর রহমান, সাইফুল ইসলাম, সহকারী উপপরিদর্শক মো. নজরুল ইসলাম, কনস্টেবল খন্দকার মাসুদ আলী, মো. জিয়াউর রহমান ও বিপ্লব কুমার দে তদন্ত কর্মকর্তার কাছে দেওয়া জবানবন্দিতে (১৬১ ধারায়) বলেছেন, আসামিরা জেএমবি ও আইএসের সক্রিয় সদস্য।