'আইএসের সম্পৃক্ততা স্বীকার করে না পুলিশ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার ক্ষুদ্র ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যার সঙ্গে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা পুলিশ স্বীকার করছে না। রাজশাহী রেঞ্জের পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মাসুদুর রহমান গতকাল বুধবার ঘটনাস্থল পরিদর্শনের পর সাংবাদিকদের বলেন, এই হত্যাকাণ্ড তদন্তে পারিবারিক বিরোধ ও স্থিতিশীলতা নষ্ট করার অপতৎপরতাসংক্রান্ত কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
মাসুদুর রহমান গতকাল বনপাড়ার খ্রিষ্টানপাড়ায় ঘটনাস্থল পরিদর্শনের পরে সুনীলের স্বজনদের সঙ্গেও কথা বলেন। এ সময় সাংবাদিকেরা আইএসের হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেওয়ার কথা উল্লেখ করলে মাসুদুর রহমান বলেন, ‘সুনীল গোমেজ হত্যাকাণ্ডে আইএসের সম্পৃক্ততা আমরা স্বীকার করি না।’
পুলিশের এ জ্যেষ্ঠ কর্মকর্তা আরও বলেন, তদন্তে হত্যার সম্ভাব্য সব কারণ যাচাই করা হবে। তবে এই মুহূর্তে দুটো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। প্রথমত, নিহত ব্যক্তির পারিবারিক কোনো বিষয় এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না এবং দ্বিতীয়ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে এ ঘটনা ঘটানো হয়েছে কি না। এরই মধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবদুল হাই প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া আসামি সবুজ আলীকে মঙ্গলবার রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনই কোনো তথ্য জানানো যাচ্ছে না। সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে জিজ্ঞাসাবাদ শেষে জানানো হবে।
এদিকে বনপাড়া খ্রিষ্টান অ্যাসোসিয়েশন স্থানীয় একটি গির্জার সম্মেলনকক্ষে গতকাল বিকেলে এক সংবাদ সম্মেলনে সুনীল হত্যাকাণ্ডের সঙ্গে ধর্মান্তরের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে। ধর্মান্তরের কোনো কাহিনি এই হত্যার কারণ হিসেবে প্রচার না করতে এ সময় পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধও জানানো হয়। বনপাড়া খ্রিষ্টান ধর্মপল্লির সহসভাপতি বেনেডিক্ট গোমেজ বলেন, এ মামলার তদন্তকারী কর্মকর্তা গত মঙ্গলবার বড়াইগ্রাম আমলি আদালতে আসামি সবুজের রিমান্ড শুনানির সময় তাঁর স্ত্রীর সঙ্গে নিহত সুনীলের স্ত্রীর আত্মীয়তার কথা ও ধর্মান্তরের জের ধরে বিরোধের যে ইঙ্গিত দিয়েছেন, তা অনভিপ্রেত।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা আবদুল হাই প্রথম আলোকে বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে এমন কোনো বক্তব্য তিনি আদালতে উপস্থাপন করেননি। এখানে ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। কারণ, ধর্মান্তরের যে ঘটনাটি আলোচনায় এসেছে, তা প্রায় ৫০ বছর আগের কথা।
নিহত সুনীলের স্ত্রী জাসিন্তা রিবেরু গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আসামি সবুজের শাশুড়ি মার্গারেট কস্তা আমার মামাতো বোন। তিনি প্রায় ৫০ বছর আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ নিয়ে আমাদের মধ্যে কোনো দিন কোনো বিরোধ ছিল না এবং এখনো নেই।’
বনপাড়ার খ্রিষ্টানপাড়ার মুদি ব্যবসায়ী সুনীল গোমেজকে গত রোববার দুপুরে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওই দিন রাতেই তাঁর মেয়ে স্বপ্না গোমেজ বড়াইগ্রাম থানায় মামলা করলে পুলিশ সুনীলের বাড়ির ভাড়াটে সবুজ আলীকে গ্রেপ্তার করে। ট্রাকচালক সবুজ প্রায় এক বছর ধরে ওই বাড়িতে সপরিবারে ভাড়া থাকছেন।
ব্যবসায়ী সুনীল গোমেজসহ সাম্প্রতিক সব হত্যাকাণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল মানববন্ধন করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন। মানববন্ধনের শুরুতে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ প্রার্থনা করা হয়। সংগঠনটির উপদেষ্টা হিউবার্ট গোমেজের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্তসহ বিভিন্ন সংগঠনের নেতারা।