'আইএস' সদস্য সন্দেহে দুজন গ্রেপ্তার, রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি সংগঠন ‘ইসলামিক স্টেটের’ (আইএস) সদস্য সন্দেহে আমিনুল ইসলাম বেগ (৩৫) ও সাকিব বিন কামাল (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি জানায়, গত রোববার রাজধানীর উত্তরা ও লালমাটিয়ার নিজ বাসা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার মিন্টো রোডে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম এ দাবি করেন। তিনি দাবি করেন, ওই দুজনের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি ল্যাপটপ চার্জার, তিনটি মুঠোফোন, বিভিন্ন লেখকের সাতটি জিহাদি বই ও ডায়েরি জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আমিনুল কোকাকোলা উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড (আইবিপিএল) বাংলাদেশের আইটি বিভাগের প্রধান। সাকিব একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের শিক্ষক। গতকাল এ দুজনকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তাঁদের প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মনিরুল ইসলাম বলেন, আমিনুল নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক সমন্বয়ক হিসেবে কাজ করেন। আইএসের নির্দেশিত খিলাফত প্রতিষ্ঠাই তাঁর লক্ষ্য ছিল। এ জন্য তিনি বিভিন্নভাবে প্রচার, গোপনে অর্থ ও কর্মী সংগ্রহ, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার পরিকল্পনাসহ বিভিন্নভাবে আইএসের সমন্বয়ক হিসেবে কাজ করছিলেন। তাঁর মতাদর্শ ধারণ করেন এমন ২০ জনকে নির্বাচন করে আইএসের আদর্শ প্রচার করছিলেন তিনি। গ্রেপ্তার হওয়া সাকিব ওই ২০ জনের একজন।
মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই উচ্চবিত্ত পরিবারের সন্তান। তাঁরা নিজেরাই উপার্জন করছেন। তাঁরা তথ্যপ্রযুক্তিতেও বেশ দক্ষ।
ডিবি সূত্র জানায়, আমিনুল বরিশাল ক্যাডেট কলেজের ছাত্র ছিলেন। পরে মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিষয়ে লেখাপড়া করেছেন। দেশে কয়েকটি মোবাইল ফোন কোম্পানিতে চাকরি করার পর সর্বশেষ কোকাকোলায় আইটি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর গ্রামের বাড়ি গোপালগঞ্জের বলাকড় এলাকায়। উত্তরার ১৪ নম্বর সেক্টরে থাকতেন তিনি। ওই বাসা থেকে রোববার বিকেল পাঁচটার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী সাকিবকে লালমাটিয়ার বাসা থেকে আটক করা হয়। সাকিব ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে লেখাপড়া শেষ করে লালমাটিয়ার একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রাম শহরের সাবালঘাটা খাজা রোডে। ডিবির উপকমিশনার (উত্তর) শেখ নাজমুল আলমের নির্দেশনায় অতিরিক্ত উপকমিশনার শাহাজাহান খানের তত্ত্বাবধানে এই অভিযান চালানো হয়।
ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেডের (আইবিপিএল) পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, আইবিপিএলের কর্মকর্তা আমিনুল ইসলাম বেগকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছে বলে গণমাধ্যমে খবর এসেছে। এ ব্যাপারে তারা প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বতোভাবে সহযোগিতা করবে।
ডিবির কর্মকর্তাদের ভাষ্য, আইএস নিয়ে ইন্টারনেটে ব্যাপক পড়াশোনা করেছেন আমিনুল। আইএসের মতাদর্শ নিয়ে ইন্টারনেটে নিয়মিত লেখালেখিও করেন তিনি। আইএসের কয়েকজন সদস্যের সঙ্গে তিনি যোগাযোগও করতেন। দেশে আইএস নিয়ে তাঁর প্রচারণা ও উদ্বুদ্ধকরণ বিষয়ে ওই সদস্যদের অবহিত করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমিনুল জানান, যে ২০ জনকে তিনি আইএসের আদর্শে অনুপ্রাণিত করেছেন, তাঁদের মধ্যে দু-তিনজন ইতিমধ্যে আইএসে যোগ দিতে সিরিয়া গেছেন।
আটকের পর এ দুজনের বিরুদ্ধে ডিবির পরিদর্শক শাহাদত হোসেন খান উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। গতকাল ওই মামলায় তাঁদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়। শুনানি শেষে আদালত তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।