‘আইজ একটু শান্তিত নিন্দাবা পারিমু’
পরনে একটি সুতির লুঙ্গি এবং তা বুক পর্যন্ত ওঠানো। শরীরের ওপরের অংশ ফিনফিনে চাদরে ঢাকা। বয়সের ভারে একেবারে নুয়ে পড়েছেন। একটি বাঁশের লাঠিই এখন তাঁর একমাত্র ভরসা। সেই লাঠির ওপর ভর করে এগিয়ে এলেন ফুলেশ্বর রানী (৭৫)। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা যখন তাঁর শরীর একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন, তখন তিনি কেঁদে ফেললেন। চোখ মুছতে মুছতে বললেন, ‘আগত কতটে গেইছু, হামাক কাহে কম্বল দেয়নি, জারত দর দর করিয়া কাঁপিছিনু। তোমরা মোক কম্বল দিয়া জারত থাকিয়া বাঁচাইলেন। আইজ শান্তিত নিন্দাবা পারিমু।’গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর পক্ষ থেকে কম্বল পেয়ে এভাবেই নিজের অনুভূতি জানান ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার গান্ডিগাড়ী গ্রামের ফুলেশ্বর।দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও উচ্চবিদ্যালয়ের মাঠে দুওসুও, সাধুবান্ধা, গান্ডিগাড়ী, ঝাকুয়াপাড়া, জিয়াখোর ও নাপিতপাড়া গ্রামের ১০০ দরিদ্র নরনারীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে সহায়তা করেন ঠাকুরগাঁও বন্ধুসভার সদস্যরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুওসুও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রশিদ, দুওসুও ইউনিয়ন পরিষদের সদস্য আব্বাস আলী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি নুরুল ইসলাম ও বিদ্যালয়ের অন্য শিক্ষকেরা।কম্বল পেয়ে দুওসুও গ্রামের বৃদ্ধা মমজান বেওয়া (৮০) বলেন, ‘তোমাক কী কয়া দোয়া দিমো কহিবা পারছুনি, আল্লাহ তোমাক ভাল করিবে।’দুওসুও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত অঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করায় বন্ধুসভার সদস্যদের ধন্যবাদ জানান।