'আইজ খাই নাই বাহে বাসি মুখত বসে আছি'
নীলফামারীর সৈয়দপুর কলেজ আশ্রয়কেন্দ্র। কেন্দ্রটির ভবনের বারান্দায় গরু-ছাগল, ভেতরে মানুষ। আঙিনায় হাঁটুপানি। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় গিয়ে দেখা গেল, এখানে আশ্রয় নেওয়া বন্যার্ত মানুষ তখনো বাসি মুখে বসে আছে, খাবার জোটেনি।
এই কেন্দ্রে আশ্রয় নেওয়া মোহসেনা বেগম বলেন, ‘আইজ হামরা কোনো খাই নাই বাহে, বাসি মুখত আছি।’ ছাবেদুল ইসলাম বলেন, ‘যেদিন খাবার পাও সেদিন সবায় এক সাথে দেয়। তার বাদে মেলা খাবার নষ্ট হয়। আইজ সকাল থাকি কোনো খাও নাই, কাহো দেয়ও নাই।’
সৈয়দপুর কলেজ আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০০ বন্যার্ত মানুষ ঠাঁই নিয়েছে। প্রায় একই অবস্থা দেখা যায়, সৈয়দপুর শহরের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিরাম ইউনিয়নের হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজ আশ্রয়কেন্দ্রেও।
হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী জানান, বন্যার্তদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। তিনি ব্যক্তিগত উদ্যোগে এ ব্যবস্থা করেছেন।
কাশিরাম বেলপুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল চৌধুরী বলেন, আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। প্রয়োজনের তুলনায় সরকারি বরাদ্দ কম মেলায় জনপ্রতিনিধিদের বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
বন্যার্ত কয়েকজন বলেন, সৈয়দপুর পৌরসভার মেয়র আমজাদ হোসেন সরকার শহরের আশ্রয়কেন্দ্রগুলোয় ৫০০ করে টাকা ও তৈরি খাবার বিতরণ করেছেন। শিল্প পরিবার ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম খিচুড়ি বিতরণ করেছেন। সৈয়দপুর কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) মোস্তফা ফিরোজ শুকনো খাবার, মোমবাতি ইত্যাদি বিতরণ করেন। তবে এর সবই সোমবার ও তার আগে দেওয়া হয়। গতকাল দুপুর পর্যন্ত কেউ কিছু দেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশীদ বলেন, ‘আমাদের চ্যালেঞ্জ হবে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্যার্ত লোকদের পুনর্বাসন করা। সে ক্ষেত্রে প্রচুর আর্থিক সহায়তার প্রয়োজন হবে।’