'আইজ বাংলাদেশ উদ্বোধন হইব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আইজ বাংলাদেশ উদ্বোধন হইব।’ দাশিয়ার ছড়ার কালীরহাটের চা-দোকানে বসে হরিয়ানায় মেয়ে মোসলেমাকে এ খবর দিচ্ছিলেন বাবা মোফাজ্জল হক। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মুঠোফোনে যখন বাবা-মেয়ের কথা হচ্ছিল, সূর্যের হাসির বিজ্ঞাপনের কার্টুনটির মতোই মোফাজ্জলের তখন মুখজোড়া হাসি। এমন হাসি আর আনন্দ এখন তাবৎ ছিটমহলজুড়ে।
দাশিয়ার ছড়ার ছিটমহলে বসে মোফাজ্জল উৎসবের খবর দিচ্ছিলেন মেয়েকে। জানালেন, তাঁর চার মেয়ে। মোসলেমা ও মফিজাকে বিয়ে দিয়েছেন। স্বামীদের নিয়ে তাঁরা ভারতের হরিয়ানায় থাকেন। বাকি দুই মেয়ে আর তাদের মাকে নিয়ে তিনি দাশিয়ার ছড়ায় থাকেন।
মোফাজ্জল বলেন, ‘আট বছর হলো কালীরহাটে চা-দোকান করছি। এত দিন এ হাটের কোনো ঠিকানা ছিল না, নাম বলা যেত না। এখন কালীরহাট স্বাধীন বাংলাদেশের অংশ। খুশি লাগছে, আমি সে হাটের একজন দোকানদার।’
মুক্তির ঐতিহাসিক দিনটি স্মরণীয় করে রাখতে সমন্বয় কমিটি দাশিয়ার ছড়ার বিভিন্ন প্রান্তে ২৫টি তোরণ বানিয়েছেন। রাতে ১১টি স্থানে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া বিকেলে কালীরহাটের পাশে হাডুডু, লাঠিখেলা এবং ছিটমহলের পাশ দিয়ে যাওয়া নীল কমল নদে নৌকাবাইচ হয়।
আয়োজকেরা জানান, ৬৮ বছরের অন্ধকার কাটিয়ে আলোর পথে যাত্রার শুভমুহূর্ত রাত ১২টা ১ মিনিটে ৬৮টি মোমবাতি জ্বালানো হবে কালীরহাটে। এরপর ৬৮টি পটকা ফুটিয়ে তোপধ্বনি করা হবে। রাতে মশাল মিছিলে অংশ নেবে বাসিন্দারা।
ছিটমহলের উৎসব আয়োজন এবং সেখানকার মানুষের জীবন-সংগ্রামের খবর সংগ্রহে গণমাধ্যমের কর্মীরা চষে বেড়াচ্ছেন দাশিয়ার ছড়ার বিভিন্ন প্রান্ত। সরাসরি সংবাদ সম্প্রচারে ছিটমহলের কাঁচা রাস্তার ধারে, জমিতে বসেছে বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর ভ্রাম্যমাণ স্টেশন। জটলা বেঁধে তা দেখছে ছিটমহলের বাসিন্দারা।
উৎসব ঘিরে স্থানীয় প্রশাসন নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করেছে। ফুলবাড়ী থানার ১৪ জন পুলিশ সদস্য, কুড়িগ্রাম পুলিশ লাইন থেকে ১২ জন পুলিশ কনস্টেবল সকাল থেকে কালীরহাটে অবস্থান নিয়েছেন। এ ছাড়া বিকেল সাড়ে চারটায় গঙ্গারহাট সীমান্ত ফাঁড়ির বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চারজন সদস্যও নিরাপত্তায় অংশ নেন।
হঠাৎ উৎসবে ছেদ: দাশিয়ার ছড়ায় বিজয় উৎসবের আয়োজন চলছিল অনেক দিন থেকে। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে হঠাৎ উৎসব আয়োজনে যেন ছেদ পড়ে। ছিটমহলের বাসিন্দা এবং উৎসব আয়োজনের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর-রাজারহাট ও ফুলবাড়ী) আসনের সাংসদ তাজুল ইসলাম চৌধুরীর সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন, তাজুল ইসলাম চৌধুরী হঠাৎ করে আসতে চেয়েছেন। তিনি মতবিনিময় করবেন।
স্থানীয় সূত্র জানায়, ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিয়ম সমন্বয় কমিটি ৩১ জুলাই মধ্যরাত ঘিরে উৎসবের জন্য কালীরহাটের পাশে (নির্মাণাধীন) দাশিয়ার ছড়া দাখিল মাদ্রাসা মাঠে মঞ্চ তৈরির কাজ শুরু করে। এই উৎসব কর্মসূচির সঙ্গে কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মো. জাফর আলীসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা যুক্ত।
বৃহস্পতিবার সন্ধ্যায় খবর আসে সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ সাংসদ তাজুল ইসলাম চৌধুরী উৎসবে যোগ দেবেন। এতে ছিটমহল বিনিয়ম সমন্বয় কমিটি অস্বস্তিতে পড়ে। কারণ আওয়ামী লীগের সাংসদ ও নেতারা জাপার সাংসদ তাজুল ইসলামকে ওই মঞ্চে রাখতে আগ্রহী না। কিন্তু ফুলবাড়ী জাতীয় পার্টির সভাপতি মো. মঈনুল হক দাশিয়ার ছড়া ছিটমহল বিনিয়ম সমন্বয় কমিটির সভাপতি। কাল থেকে দাশিয়ার ছড়া বাংলাদেশের অংশ হওয়ার পর তা এই আসনের অন্তর্ভুক্ত হবে বলে তিনি দলীয় সাংসদকে উৎসবে অতিথি করতে আগ্রহী। এ অবস্থায় গতকাল শুক্রবার দুপুরের দিকে মূল মঞ্চ থেকে কিছুটা দূরে আরেকটি মঞ্চ বানানো হয়। বিকেলে সেই মঞ্চে তাজুল ইসলাম বক্তব্য দেন। রাতের অনুষ্ঠানের জন্য নির্মিত মঞ্চে থাকবেন আওয়ামী লীগের নেতারা।
জানতে চাইলে তাজুল ইসলাম চৌধুরী বিকেলে প্রথম আলোকে বলেছেন, তাঁর সফরটা সরকারি। তাই সফরসূচি ঠিক করতে সময় লেগে গেছে।