প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে গতকাল শনিবার খুলনার কয়রা ও গাইবান্ধায় দুস্থ ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।কয়রার বাগালী ইউনিয়নের মালিখালী বি বি আদর্শ নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে দুপুরে ১০০ দুস্থ মানুষকে শীতবস্ত্র দেওয়া হয়। খুলনা বন্ধুসভার পীযূষ কুমার সরকার, রবিউল আলম, সাদিয়া শারমিন, হেলেনা আক্তার ও মনোজ কুমার মজুমদার উপস্থিত থেকে দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ মনোজ কান্তি মণ্ডল ও শংকর কুমার মল্লিক।কম্বল পেয়ে মালিখালী গ্রামের বাসিন্দা ফুলমালা বলেন, ‘শীতির মধ্যি ম্যালা কষ্টে ছেলাম, তোমাগে দেয়া কম্বোল গায় দি আইজ রাইতে এট্টু ভালো অইরে ঘুমোতি পারবানি।’এদিকে একই সময়ে বেসরকারি ব্যাংক ইউসিবিএলের পক্ষ থেকে ১৫০ জন দুস্থের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।গাইবান্ধা আসাদুজ্জামান বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে বিকেলে সদর উপজেলার খোলাহাটি, বোয়ালি, কূপতলা ও ঘাগোয়া ইউনিয়নের ১০০ জন হতদরিদ্র ও প্রতিবন্ধীর মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় গাইবান্ধা পৌরসভার নবনির্বাচিত মেয়র ও গাইবান্ধা পরিবেশ বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শামসুল আলম, গাইবান্ধা বন্ধুসভার সভাপতি আনিস মোস্তফা, সম্পাদক তামজিদুর রহমান, অধ্যক্ষ গোলাম আযম, অশোক সাহা, বন্ধুসভার সদস্য রুহুল আমিন, নাহিদ হাসান, মাহবুব, রানা পাপুল, রাজিব, শাহজাহান ও রমিত এবং প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।প্রথম আলো ট্রাস্টের কম্বল পেয়ে শহরের সরকারপাড়ার শারীরিক প্রতিবন্ধী রবিদাস (৫৫) বলেন, ‘হামার দুকন্যা পা খোঁড়া। হুল চেয়ারোত চড়ি ভিককা করি বেড়াই। শিতের কাপড়ার জন্যে কোনো জাগাত যাবার পাইন্যা। তোমরাঘরে হামাক খুঁজি বাইর করি কাপড়া দিলেন। তোমারঘরে ভালো হোক।’ক্ষেতলালে বন্ধুসভার উদ্যোগ: ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি জানান, সেখানে বন্ধুসভার উদ্যোগে গতকাল ঢাকার ব্যবসায়ী মাহবুব আলমের পাঠানো ১০০ সোয়েটারসহ বন্ধুসভার সংগৃহীত আরও ২০০ শীতবস্ত্র দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ সময় ক্ষেতলাল বন্ধুসভার সভাপতি গোলাম মোস্তফা, সহসভাপতি সাধন সরকার, সম্পাদক আহমদ আলী, সাংগঠনিক সম্পাদক এস এম শওকত ও প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি উপস্থিত ছিলেন।দুস্থদের পাশাপাশি ক্ষেতলাল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০ জন দরিদ্র শিক্ষার্থীকে শীতবস্ত্র দেওয়া হয়েছে।