'আইজ হামার কপালোত বুজিক চান উঠছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলার রাধানগর উপস্বাস্থ্যকেন্দ্রে আড়াই বছর পর গিয়ে রোগীদের চিকিৎসা দিলেন এমবিবিএস চিকিৎসক মালিহা কুদ্দুস। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল মঙ্গলবার স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করেন সেখানকার নিয়োগপ্রাপ্ত চিকিৎসক মালিহা কুদ্দুস।
এই স্বাস্থ্যকেন্দ্র নিয়ে ১ অক্টোবর প্রথম আলোর বিশাল বাংলায় ‘চিকিৎসা দেন এমএলএসএস’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বেলা একটা পর্যন্ত চিকিৎসক মালিহা কুদ্দুস স্বাস্থ্যকেন্দ্রে ৭৫ জন রোগীকে চিকিৎসা দেন। চিকিৎসক পেয়ে খুশি রোগীরাও। মাদারগঞ্জ গ্রামের গৃহবধূ অয়েশা সিদ্দিকা (২৫) তো খুশিতে বলেই ফেললেন, ‘হামার কপালোত বুজিক চান (চাঁদ) উঠছে আইজ। বহুদিন পর ডাক্তার আসি হামাক চিকিৎসা দিল।’
দক্ষিণ খামারপাড়া গ্রামের ইদ্রিস আলী বলেন, ‘ওঁরা (ফার্মাসিস্ট ও এমএলএসএস) এত দিন হামার মুখ থাকি রোগের নাম শুনি ওষুধ দিছিল। আইজ শরীল (শরীর) পরীক্ষা করিয়া ডাক্তার ওষুধ দিছে।’
চিকিৎসক মালিহা কুদ্দুস বলেন, ‘আমি ২০১২ সালের ২৬ ডিসেম্বর এই উপস্বাস্থ্যকেন্দ্রে যোগদান করেছি। এরপরই আমাকে প্রেষণে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর টিএইচও স্যারের নির্দেশে উপস্বাস্থ্যকেন্দ্রে রোগী দেখছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোখলেসুর রহমান বলেন, বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যাবিশিষ্ট। এখানে রোগীর সংখ্যা অনেক বেশি হওয়ায় চিকিৎসক সংকটে হিমশিম পোহাতে হয়। তাই চিকিৎসক মালিহা কুদ্দুসকে আনা হয়। প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর সপ্তাহে প্রতি মঙ্গলবার তাঁকে ওই উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোগীদের সেবা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।