'আইডিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড' পেলেন আজাদ খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডায়াবেটিসের রোগীদের জীবনমান উন্নয়নে অসামান্য অবদান রাখার জন্য ‘আইডিএফ গ্লোবাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক এ কে আজাদ খান। গত ৩০ নভেম্বর কানাডার ভ্যাংকুভারে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা পদক তুলে দেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ)-এর প্রেসিডেন্ট স্যার মাইকেল হার্সট।

বিশ্বের ১৬০টি দেশের প্রায় ২০০ ডায়াবেটিক সমিতির প্রতিনিধি এবং বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ ডায়াবেটিক সমিতি থেকে জানানো হয়েছে, অধ্যাপক আজাদ খানের চিকিৎসা শাস্ত্র নিয়ে সাতটি বই প্রকাশিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় গবেষণা জার্নালে তাঁর ১২৫টিরও বেশি মৌলিক গবেষণালব্ধ প্রবন্ধ প্রকাশিত হয়েছে। গত বছর বিশ্বখ্যাত স্বাস্থ্য-বিষয়ক জার্নাল ‘ল্যানসেট’ তাঁর প্রোফাইল প্রকাশের মাধ্যমে তাঁকে সম্মানিত করে। বিজ্ঞপ্তি।