'আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা মানুষের নিগৃহীত হওয়ার হার বেড়েছে'
দেশের আদালতগুলোতে তীব্র মামলাজট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি বিরূপ মনোভাব তৈরি হওয়ার কারণে প্রচলিত বিচারব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারছে না বলে মন্তব্য করছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
গতকাল রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার এবং ন্যায়বিচার প্রাপ্তির গুরুত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
এশিয়া প্যাসিফিক ফোরাম ফর উইমেন ল অ্যান্ড ডেভেলপমেন্টের (এপিডব্লিউএলডি) সহযোগিতায় আইন ও সালিশ কেন্দ্র (আসক) সভাটির আয়োজন করে।
সভায় মিজানুর রহমান বলেন, ‘প্রচলিত যে বিচারব্যবস্থা, তার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়েছে। মানুষের শ্রদ্ধার জায়গাটা ক্রমে ক্রমে অনেক নিচু পর্যায়ে চলে গেছে। অনেকাংশে তাঁরা মনে করেন আদালতের দ্বারস্থ হওয়া মানেই নিজের জীবনকে আরও হয়রানির মাঝে ঠেলে দেওয়া।’
একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দ্বারা সাধারণ মানুষের নিগৃহীত হওয়ার হার অনেক বেড়েছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, জাতীয় মানবাধিকার কমিশনে যত অভিযোগ আসে, তার ৭০ শতাংশেরও বেশি অভিযোগ আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে।
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মনে করেন, এসব অভিযোগ তদন্তে একটি স্বাধীন পাবলিক প্রসিকিউশন বিভাগ থাকা উচিত। না হলে সুষ্ঠু বিচার নিশ্চিত করা সম্ভব নয়। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বিনীতভাবে সরকারকে অনুরোধ করব যে, এটার দিকে দৃষ্টি দিন। যদি কেউ মনে করে থাকে যে তারাই (আইনশৃঙ্খলা বাহিনী) ক্ষমতার উৎস, তাহলে তা ভুল। কেননা, জনগণের চাইতে আর কারও শক্তি বড় হতে পারে না।’
মিজানুর রহমানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘যখন ক্রমশ আমাদের আইনের শাসনের ওপর আস্থা কমে যেতে থাকে, তখন আমরা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হই, যেখানে ক্রসফায়ারের মতো একটা ঘটনাকেও আমরা সমর্থন জানাই।’
এ সময় নোয়াখালীতে পুলিশের উপস্থিতিতে কিশোর মিলন হত্যাকাণ্ডের প্রসঙ্গ উল্লেখ করে সুলতানা কামাল বলেন, ‘পুলিশ নিজেও জানে যে, আইনের শাসনের কোনো ব্যাপার এই দেশে নাই। যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তারা নিজেরাও জানে, আইনশৃঙ্খলা রক্ষা করার কোনো দায়দায়িত্ব, জবাবদিহি তাদের নাই।’
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব জহিরুল আলম, আইন ও বিচার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব খাদেমুল কায়েস, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের আইন কর্মকর্তা আসাদুজ্জামান, আর্টিকেল-১৯-এর পরিচালক তাহমিনা রহমান প্রমুখ।