‘আইনি সহায়তা নিতে অসচ্ছল বিচারপ্রার্থীরা আসছে না’
নীলফামারী জেলা ও দায়রা জজ বলেছেন, ‘জেলার ৪০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। সে অনুপাতে আইনি সহায়তা নিতে অসচ্ছল বিচারপ্রার্থীরা আসছে না। তৃণমূল পর্যায়ের মানুষ জানে না বলেই আসছে না। তাদের জানাতে হলে প্রচারণার প্রয়োজন।’গত বুধবার বিকেলে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা নীলফামারী জেলা কমিটির সভায় জেলা ও দায়রা জজ আবু হানিফ এসব কথা বলেন। ওই দিন জেলা জজ আদালতের হলরুমে আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থী জনগণের আইনি সহায়তা প্রদানে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আবু হানিফের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব সরকার, সাধারণ সম্পাদক আলীমুদ্দিন বসুনিয়া, মমতাজুল হক, মহসীন আলী, রোকসানা আঞ্জুম লিজা, আঞ্জুমান আরা, সহকারী পুলিশ সুপার সাহাবুদ্দিন আহমেদ, কিশোরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, সৈয়দপুর উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, ডিমলা উপজেলা চেয়ারম্যান আবতাব উদ্দিন সরকার প্রমুখ। জেলা জজশিপে বর্তমানে সাড়ে নয় হাজার মামলা বিচারাধীন। এর মধ্যে ১৯৯৭ সাল থেকে চলতি অর্থবছরে অসচ্ছল ব্যক্তিদের সহায়তা দেওয়া মামলার সংখ্যা ৬৪০টি। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৪৮১টি এবং বিচারাধীন রয়েছে ১৫৯টি মামলা। সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে সহায়তা দেওয়া হয়েছে দুই লাখ ৯৭ হাজার ৬৯৬ টাকা। বর্তমানে ওই তহবিলে জমা আছে পাঁচ লাখ ৪০ হাজার ৭৯৪ টাকা ৫২ পয়সা।