'আইনের মাধ্যমেই বুঝব কী করেছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু আকিফা হত্যা মামলায় গ্রেপ্তার ঘাতক বাসের চালক বললেন, ‘আইনের মাধ্যমেই বুঝব কী করেছি।’ গতকাল বুধবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর সদর উপজেলার বঙ্গেশ্বরদী এলাকা থেকে গঞ্জেরাজ পরিবহনের বাসের চালক মহিদ মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাব।

মহিদ মিয়া ওরফে খোকন (৩৫) ফরিদপুর সদর উপজেলার ইউসুফপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে র‍্যাবের কুষ্টিয়া ক্যাম্পে সাংবাদিকদের সামনে আনা হয় মহিদ মিয়াকে। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিদ মিয়া বলেন, ‘আমার মনে হয় যে আমি কোনো অপরাধ করিনি। আইনের মাধ্যমেই বুঝব কী করেছি।’

গ্রেপ্তার হওয়া গঞ্জেরাজ পরিবহনের বাসের চালক মহিদ মিয়া। ছবি: তৌহিদি হাসান
গ্রেপ্তার হওয়া গঞ্জেরাজ পরিবহনের বাসের চালক মহিদ মিয়া। ছবি: তৌহিদি হাসান

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ। তিনি বলেন, বাসচালক মহিদ বাসযোগে ঢাকা পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বাকি আসামিদের ধরতে র‌্যাবের অভিযান আরও জোরদার করা হয়েছে। মহিদকে কুষ্টিয়া মডেল থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ‘হত্যা মামলা সংযোজন ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পর র‌্যাব রাতে অভিযান চালায়। অভিযানে জানা যায়, আটরশির এক গুরুভাইয়ের কাছে আশ্রয় নিয়েছেন মহিদ। বিভিন্নভাবে তিনি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন; এরপরও তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। রাতেই তাঁকে কুষ্টিয়ায় নিয়ে আসা হয়। প্রাথমিকভাবে মহিদ স্বীকার করেছেন, বাস চালানোর সময় আরও সতর্ক থাকার দরকার ছিল। নিজের ভুল স্বীকার করেছেন তিনি।’

শিশু আকিফা। ছবি: সংগৃহীত
শিশু আকিফা। ছবি: সংগৃহীত

ফয়সাল গঞ্জেরাজ নামের বাসটি গত ২৮ আগস্ট কুষ্টিয়ার চৌড়হাস মোড় এলাকায় ওই শিশুসহ তার মাকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে আকিফা গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় একটি হত্যাচেষ্টার মামলা হয়। মামলায় বাসের মালিক, চালকসহ তিনজনকে আসামি করা হয়ে। মামলার তদন্ত কর্মকর্তা হলেন কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন কাদেরী।

এ ঘটনায় গত ৯ সেপ্টেম্বর গঞ্জেরাজ পরিবহনের মালিক মো. জয়নাল আবেদীনকে (৬৩) গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করে র‌্যাব। ১০ সেপ্টেম্বর তাঁকে আদালতে পাঠায় পুলিশ। আদালতে একই সময়ে গঞ্জেরাজ বাসের চালক মহিদ মিয়া আত্মসমর্পণ করেন। এরপর তাঁদের দুজনের আইনজীবী আদালতের মাধ্যমে তাঁদের জামিনের আবেদন করলে আদালত জামিন দেন।

পরদিন মামলার তদন্ত কর্মকর্তা সুমন কাদেরী মামলাটি ৩০২ ধারায় সংযোজন করার জন্য একই আদালতে আবেদন করেন। আবেদনটি আদালত মঞ্জুর করেন। একই সঙ্গে আদালতের উপপরিদর্শক আজহার আলী বাসের মালিক ও চালকের জামিন আদেশ বাতিলের আবেদন করলে আদালত তাঁদের জামিন আদেশ বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন মহিদ মিয়া।