'আইভী কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করছেন'

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুনের ঘটনায় ওই এলাকার সরকারি দলের সাংসদ শামীম ওসমান অভিযোগ করে বলেছেন, সেলিনা হায়াত্ আইভী ঘটনার সঙ্গে জড়িত কাউকে না কাউকে বাঁচানোর চেষ্টা করছেন।
আজ মঙ্গলবার সচিবালয়ে হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি শামীম ওসমানের বক্তব্য নেয়। বেলা সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত কমিটি শামীমের বক্তব্য নেয়। পরে সাংবাদিকদের কাছে শামীম ওসমান বক্তব্য তুলে ধরেন।
হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি নূর হোসেনকে নিজের লোক নয় বলে দাবি করেন শামীম ওসমান। তিনি বলেন, ‘নূর হোসেন ঘটনার সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। নূর হোসেন আমার লোক হলে আইভী তাকে বড় বড় পদ দেন কেন?’
নূর হোসেনকে দেশে ফিরিয়ে আনা উচিত বলে মন্তব্য করে শামীম ওসমান বলেন, ‘আমার হাতে ক্ষমতা থাকলে কালকেই নূর হোসেনকে নিয়ে আসতাম।’
সরকারি দলের সাংসদ শামীম ওসমান আরও বলেন, ‘ঘটনার সঙ্গে যারা জড়িত থাকতে পারে বলে আভাস দিয়েছিলাম তা-ই সত্যি হয়েছে।’ তিনি বলেন, ‘ঘটনার এক ঘণ্টার মধ্যেই মন্তব্য করেছিলাম যে, সর্ষের মধ্যেই ভূত আছে। আইনশৃঙ্খলা বাহিনীর দু-একজন কর্মকর্তা এ ঘটনা ঘটিয়েছেন। আমার কথা সত্য প্রমাণিত হয়েছে।’
গতকাল সোমবার তদন্ত কমিটির কাছে বক্তব্য দিতে গিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভী বলেছিলেন, নারায়ণগঞ্জে মানুষ এখনো নিরাপত্তাহীনতায় ভোগেন।
এ ব্যাপারে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জের মানুষ সারা দেশের মানুষের মতোই নিরাপদ। আর খুন তো ওয়াশিংটন ডিসিতেও হয়।
তদন্ত কমিটিকে দেওয়া শামীম ওসমানের বক্তব্যের মধ্য দিয়ে খুনিরা বেরিয়ে আসবে কি না—জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, এটি সহায়ক হবে। তিনি তদন্ত কমিটিকে বিভিন্ন ধরনের পরামর্শও দিয়েছেন বলে জানান।
তদন্ত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা সাংবাদিকদের বলেন, প্রয়োজন মনে করে তাঁরা হত্যাকাণ্ডের ব্যাপারে সরকারি দলের সাংসদ শামীম ওসমানের সঙ্গে কথা বলেছেন। তিনি আশাপ্রকাশ করে বলেন, তদন্তের মাধ্যমে প্রকৃত খুনি বের হয়ে আসবে।
গত ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে অপহূত হন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর ও প্যানেল মেয়র নজরুল ইসলাম, জ্যেষ্ঠ আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন। এরপর ৩০ এপ্রিল ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ ভেসে ওঠে শীতলক্ষ্যায়। এ ঘটনায় হাইকোর্টের নির্দেশে ৭ মে শাহজাহান আলী মোল্লাকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
নজরুল ইসলামের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন, আরেক কাউন্সিলর নূর হোসেনের কাছ থেকে ছয় কোটি টাকা নিয়ে ওই সাতজনকে তুলে নিয়ে হত্যা করেছে র্যাব।
এ ঘটনায় র্যাব-১১-এর সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর (অব.) আরিফুর রহমান ও লে. কমান্ডার এম এম রানাকে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করা হয়। তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা কারাগারে রয়েছেন। নূর হোসেন ভারতে গ্রেপ্তার হয়েছেন।