‘আইলা আমার সবকিছু ক্যাইড়ে নেছে’
‘ওই দিনের কথা মনে পড়লি আমার আর বাঁচতি ইচ্ছে হয় না, আইলা আমার সবকিছু ক্যাইড়ে নেছে।’ বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের সত্তোর্ধ্ব ইমান আলী।দুই বছর আগে ২০০৯ সালের ২৫ মে আইলার তাণ্ডবে মা, স্ত্রী, কন্যা আর নাতি-পুতিসহ পরিবারের ১০ সদস্যকে হারিয়ে নিঃসঙ্গ দিন কাটাচ্ছেন তিনি।সেদিনের সেই স্মৃতির বর্ণনা করতে গিয়ে ইমান আলী জানান, ওই দিন সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর দমকা হাওয়া অন্য দিনের মতো মনে হওয়ায় বাড়িতে বেড়াতে আসা মেয়ে-জামাই, নাতি-পুতিসহ সবাইকে নিয়ে ঘরেই অপেক্ষা করছিলেন। বেলা দুইটার দিকে পানি বাড়তে থাকায় উত্তেজনা ও শঙ্কা বাড়তে থাকে তাঁদের মধ্যে। প্রবল বেগে ধেয়ে আসা জলোচ্ছ্বাসের পানি ঘরের মধ্যে ঢুকতে শুরু করে। ভয়াবহতার আতঙ্ক গ্রাস করে তাঁদের। পরে আর বের হতে না পারার আশঙ্কায় ছেলে মিজানুর রহমানের নিয়ে আসা একটি মাঝারি আকারের নৌকায় ওঠেন নাতি-পুতি, স্ত্রী, কন্যা ও চাচিসহ পরিবারের ১৯ সদস্য। ফসলের মাঠ তখন ১২-১৪ ফুট পানির নিচে। বাড়ি থেকে লক্ষ্মীখালী সাইক্লোন শেল্টারের উদ্দেশে বের হলেও বাতাস আর ঢেউয়ের তীব্রতায় নৌকা সামনের দিকে নিয়ে যাওয়া কষ্টসাধ্য হয়ে ওঠে। একসময় চকবারা সাইক্লোন শেল্টারে পৌঁছানোর আগমুহূর্তে ইমান আলী জামাতা আমিনুর রহমানকে উদ্দেশ করে বলেন, ‘বৈঠা ঠিক করে ধরে রেখো।’ কথাগুলো শেষ না হতেই বিশাল এক তুফান এসে নৌকা উল্টো দিয়ে যায়। ইমান আলী জ্ঞান ফিরে নিজেকে আবিষ্কার করেন একটি গাছের ওপর। রাত আটটা পর্যন্ত সেখানে অবস্থান করার পর স্থানীয় তৎকালীন চেয়ারম্যান সফিউল আযম তাঁকে উদ্ধার করেন। গোটা এলাকা জলমগ্ন থাকায় রাতটা বাঁধের ওপর কাটানোর পরদিন একে একে লাশ উদ্ধার করা হয় মা আছিয়া বেগম (৮৫), স্ত্রী মনোয়ারা খাতুন (৫৫), বড় মেয়ে আয়েশা খাতুন (৩৩), চাচি সূর্যবিবি (৮৬), দুই পৌত্র মাহিন (৩) ও ওবায়দুল্লাহ (২), নাতনি আসমা (৫), নাতি তামিম (২) এবং ছোট ভাইয়ের পুতি ফাতেমা (৪) ও আহছান (৭)।সরেজমিনে রোববার শ্যামনগর উপজেলার গাবুরা ইউপির ১০ নম্বর সোরা গ্রামে গিয়ে দেখা যায়, ঘরের বারান্দায় নির্বাক বসে আছেন ইমান আলী। পরিবারের ১০ সদস্যকে হারিয়ে নির্বাক দৃষ্টিতে চেয়ে থাকেন চলে যাওয়া স্বজনদের ছবির দিকে। আইলা কিংবা পুরোনো স্মৃতি মনে পড়লেই তাঁর চোখ দুটো হয়ে ওঠে অশ্রুসিক্ত।