আওয়ামী লীগ এত দিন একতরফাভাবে ভারতপ্রীতি দেখিয়েছে। ভারত আওয়ামী লীগকে প্রীত করেনি। বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ভারত সফরে তাঁর প্রাপ্য সম্মানই পেয়েছেন।গতকাল রোববার ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। রেলের ভাড়া বৃদ্ধি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রশাসক নিয়োগের প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়। নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, ‘ভারত বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে যে রাজকীয় মর্যাদা দিয়েছে, তাতে আওয়ামী লীগ নেতাদের মাথা খারাপ হয়ে গেছে।’জামায়াতে ইসলামীর নেতা আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহ-শ্রমবিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, জামায়াতে ইসলামীর নেতা শাহজাহান চৌধুরী, ইসলামী ঐক্যজোট সহভাপতি মাঈনুদ্দিন রূহি, নগর বিএনপি সহসভাপতি সামশুল আলম প্রমুখ।