দল ভারী করার জন্য খারাপ লোকদের আওয়ামী লীগের সদস্য করার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের বলেন, মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী লোকদের সদস্য করে দলে কলহ বাড়াবেন না। সামনে নির্বাচন। নেত্রীর পক্ষ থেকে একটা কথা বলে যেতে চাই, এখন থেকেই আগামী নির্বাচনের প্রস্তুতি শুরু করুন। নির্বাচনের কেন্দ্রভিত্তিক কমিটি এখন থেকেই করতে হবে।
গতকাল রোববার বেলা সোয়া ১১টায় নগরের বাকলিয়ার একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় প্রধান অতিথি হিসেবে ওবায়দুল কাদের সাংগঠনিক দিকনির্দেশনা দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ ও ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেমউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন কেন্দ্রীয় দুই সাংগঠনিক সম্পাদক এনামুল হক ও মহিবুল হাসান চৌধুরী, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, দক্ষিণ চট্টগ্রামের আরও চার সাংসদ শামসুল হক চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী।
সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘১০ বছর আগে আজকের (১৬ জুলাই) এই দিনে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন। কিন্তু আজকের বক্তৃতায় আমাদের কোনো এমপি (সাংসদ) দিনটি মনে রাখেননি। আওয়ামী লীগ করলে ইতিহাস জানতে হবে। কখন কী ঘটেছে তা মনে রাখতে হবে।’
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের কঠিন অবস্থায় নেতারা বিশ্বাসঘাতকতা করেছেন। কিন্তু তৃণমূল ঐক্যবদ্ধ ছিল। আমাদের মধ্যে সেই ঐক্য ধরে রাখতে হবে। খালেদা জিয়া দুই মাসের জন্য লন্ডনে গেছেন। আবার কী ষড়যন্ত্র হয় সেই বিষয়ে সতর্ক থাকতে হবে।’
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, নেতা-কর্মীদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে। তবে ঐক্যের কোনো বিকল্প নেই। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কেউ হারাতে পারবে না।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক বলেন, সাংসদ ও নেতা-কর্মীদের মধ্যে দূরত্ব থাকলে সেটা মিটিয়ে ফেলতে হবে।
আরেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী বলেন, খালেদা জিয়া লন্ডন গেছেন। সেখান থেকে দেশে ফিরে আবার জ্বালাও-পোড়াও আন্দোলনের কর্মসূচি দিতে পারেন। প্রতিটি নেতা-কর্মী ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র নস্যাত হয়ে যাবে।
সাতকানিয়া-লোহাগাড়ার সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, ‘আগামী নির্বাচন আরও ডেঞ্জারাস (ভয়ংকর) হবে। লন্ডন থেকে জামায়াতের নেতা-কর্মীদের হুকুম দেওয়া হচ্ছে। এলাকায় ওরা জড়ো হয়ে গণসংযোগও শুরু করে দিয়েছেন। ফেসবুকে বিভিন্ন আইডি খুলে প্রচারণা চালাচ্ছেন। আমাদেরও ঐক্যবদ্ধ হয়ে এসবের জবাব দিতে হবে।’