‘আওয়ামী লীগ হত্যা ও গুমের রাজনীতিতে বিশ্বাস করে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আওয়ামী লীগ হত্যা, ষড়যন্ত্র ও গুমের রাজনীতিতে বিশ্বাস করে না। গতকাল সোমবার দুপুরে গাজীপুর সদর উপজেলার হায়দরাবাদ গ্রামে গাজীপুরের প্রয়াত সাংসদ আহসান উল্লাহ মাস্টারের অষ্টম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ফজলুল করিম সেলিম বলেন, বিএনপির নেত্রীই দেশে গুম-খুনের রাজনীতি শুরু করেছেন। তাঁরা ২০০১ সালে ক্ষমতায় এসে জঙ্গিবাদীদের উত্থান ঘটিয়ে বাংলাদেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করেছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন নেতা-কর্মীকে খুন করেছেন। বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের ঘটনার তদন্ত বাধাগ্রস্ত করতে একের পর এক হরতাল শুরু করেছে দলটি। হরতালের আগের দিন তারা ১৮ দলীয় মোর্চা গঠন করেছে, যাদের অধিকাংশই খুনি ও জঙ্গি সদস্য। মোর্চা গঠনের পরদিনই হরতালে তারা বোমা, গাড়িতে আগুন দিয়ে মানুষ খুনসহ সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে। ভূমিবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাংসদ আ ক ম মোজামেঞ্চল হকের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ জাহিদ আহসান রাসেল, বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ ফ ম বাহাউদ্দিন নাছিম, গাজীপুর জেলা পরিষদের প্রশাসক মো. আখতারুজ্জামান, গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ওয়াজ উদ্দিন প্রমুখ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও প্রয়াত আহসান উল্লাহ মাস্টারের বড় ছেলে সাংসদ জাহিদ আহসান রাসেল তাঁর বাবার হত্যা মামলার পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানান। আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি-জামায়াত জোট সরকার আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করতে চেয়েছিল। তারই ধারাবাহিকতায় আহসান উল্লাহ মাস্টার, সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া ও মমতাজ উদ্দিনের মতো নেতাদের খুন করা হয়েছে। এর আগে সকালে গাজীপুরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জাতীয় বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মিলাদ মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।