‘আওয়ামী লীগেও সন্ত্রাসী আছে’
‘সন্ত্রাসীর কোনো দল নেই। কেবল বিএনপিতে নয়, আওয়ামী লীগেও গুন্ডা-সন্ত্রাসী আছে। এদের ধরতে হবে।’ গতকাল শুক্রবার সকালে ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ সিলেটের নেতাদের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ মন্তব্য করেন। জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ সিদ্দিকীর ছেলে তরুণ প্রকৌশলী মেহরান সিদ্দিকী সিলেটে গত ৯ ডিসেম্বর খুন হন। এ হত্যা মামলার আসামি গ্রেপ্তার না হওয়ার প্রেক্ষাপটে ‘সন্ত্রাস প্রতিরোধ আন্দোলন’ গঠিত হয়। আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সমন্বয়ে গঠিত এ মোর্চার উদ্যোগে একাধিক কর্মসূচি পালন করা হয়। এর পরও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় গতকাল সংগঠনের নেতারা অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করেন। নগরের ধোপাদীঘিরপারে হাফিজ কমপ্লেক্সে আয়োজিত মতবিনিময় সভায় অর্থমন্ত্রী সিলেটে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গসংগঠনের এক নেতার নাম উল্লেখ করেন। মতবিনিময় সভায় সন্ত্রাস প্রতিরোধ আন্দোলনের সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক সভাপতিত্ব করেন। মেহরানের বাবা আবদুল্লাহ সিদ্দিকী, প্রতিরোধ আন্দোলনের সদস্যসচিব আবদুস শহিদ লস্কর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য সিকান্দর আলী, জাতীয় পার্টির আহ্বায়ক সেলিম উদ্দিন বক্তব্য দেন। আ ন ম শফিকুল হক বলেন, মেহরান হত্যাকাণ্ডের প্রায় দুই মাস অতিবাহিত হওয়ার পরও সব আসামি গ্রেপ্তার হয়নি। তাই অর্থমন্ত্রীর সঙ্গে মতবিনিময় করা হয়। সব আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে অর্থমন্ত্রী পুলিশের পদস্থ কর্মকর্তাদের ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন।আপিলের প্রস্তুতি চলছে: গতকাল সকালে অর্থমন্ত্রী সিলেট মিলনায়তনে জেলা পরিষদ আয়োজিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘সরকারও মনে করে যুদ্ধাপরাধের শাস্তি যাবজ্জীবন হতে পারে না। তাই (কাদের মোল্লাকে দেওয়া) রায়ের বিরুদ্ধে সরকার আপিলের প্রস্তুতি নিচ্ছে।’ দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ জেলা ও মহানগর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথির বক্তব্য দেন। সন্ধ্যার পর সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আবদুল গফফার দত্তচৌধুরীর জন্মশতবার্ষিকী অনুষ্ঠানেও অর্থমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।