লিবিয়ায় অবৈধভাবে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের আগামী ১৫ আগস্টের মধ্যে আবাসিক ভিসা (আকামা) নিতে হবে। না হলে অবৈধ হিসেবে চিহ্নিত করে তাঁদের দেশে ফেরত পাঠানো হবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২১ জুলাই ত্রিপোলিতে সে দেশের শ্রম ও কারিগরি প্রশিক্ষণ কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশসহ কয়েকটি দেশের দূতাবাসের প্রতিনিধিদের এক বৈঠক হয়। সেখানে লিবিয়া সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।লিবিয়া সরকারের এই সিদ্ধান্তের কথা ঢাকায় পররাষ্ট্র এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে জানিয়েছেন ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কর্মকর্তা আহসান কিবরিয়া সিদ্দিকী। ২১ জুলাই পাঠানো এক চিঠিতে এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণের জন্য গণমাধ্যমকে কাজে লাগানোর অনুরোধ জানানো হয়েছে।ত্রিপোলিতে বাংলাদেশ, মিসর, আলজেরিয়া, তিউনিসিয়া, সুদান, চাদ, সোমালিয়া, নাইজেরিয়া, মালে ও তুরস্কের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন লিবিয়ার শ্রম ও কারিগরি প্রশিক্ষণ কর্তৃপক্ষের কর্মকর্তারা। ওই বৈঠকে জানানো হয়, বিদেশি শ্রমিকদের সুশৃঙ্খল ব্যবস্থাপনার স্বার্থে অবৈধ শ্রমিকদের আবাসিক ভিসা নেওয়ার চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাঁরা এ সময়সীমার মধ্যে কাজটি করতে পারবেন না, তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত বছর লিবিয়ার শ্রমবাজারে বিদেশি শ্রমিকের প্রবেশ অবারিত হওয়ার পর উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি মধ্য আফ্রিকার ওই দেশটিতে পাড়ি জমিয়েছেন। বৈধ-অবৈধ দুভাবেই তাঁরা দেশটিতে গেছেন। সব মিলে সে দেশে এখন প্রায় এক লাখ বাংলাদেশি কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ২০ হাজার জন অবৈধ। ওই দেশে অবস্থান করার মতো বৈধ কোনো কাগজপত্র তাঁদের নেই।ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের এক মূল্যায়নে বলা হয়েছে, লিবিয়ায় উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশি কর্মীর আকামা নেই। বিশেষ করে টেলেক্স ভিসায় যাঁরা দেশটিতে গিয়ে নির্দিষ্ট প্রতিষ্ঠানে কাজ পাননি কিংবা নানাভাবে প্রতারিত হয়ে প্রতিষ্ঠান ছেড়েছেন, তাঁদের সবাই এখন অবৈধভাবে অবস্থান করছেন। কোনো বৈধ কাগজপত্র ছাড়াই তাঁরা কাজ করছেন। যেসব রিক্রুটিং এজেন্ট ওই বাংলাদেশিদের পাঠিয়েছে, তারা অবৈধ হয়ে পড়া শ্রমিকদের অবস্থান সম্পর্কে জানে। এ ক্ষেত্রে এজেন্সিগুলো বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে আবাসিক ভিসা নিতে শ্রমিকদের তাগিদ দিতে পারে।আকামার জন্য প্রত্যেক শ্রমিককে ২৭ হাজার ১৪০ টাকা (৫২৫ লিবীয় দিনার) দিতে হবে। তবে এই টাকা সংশ্লিষ্ট শ্রমিক দেবেন নাকি রিক্রুটিং এজেন্সি দেবে, তা দূতাবাস স্পষ্ট করে জানায়নি।