
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে যুক্ত হলো তৃতীয় উড়োজাহাজ বোয়িং ৭৭৭-৩০০ইআর। বিমান কর্তৃপক্ষ যার নাম দিয়েছে ‘আকাশ প্রদীপ’।
গতকাল মঙ্গলবার প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘আকাশ প্রদীপ’ উদ্বোধন করেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ বিমানের বহরে থাকা বিশ্বের সর্বশেষ যাত্রীবাহী ডিসি-১০ উড়োজাহাজকে বিদায় জানান।
‘আকাশ প্রদীপ’কে বরণ ও ডিসি-১০-এর ‘বিদায় সংবর্ধনা’ উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চের দুই পাশে বোয়িং-৭৭৭ এবং ডিসি-১০টি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।
প্রধানমন্ত্রী এখনো ডিসি-১০ চালু থাকায় পাইলট ও রক্ষণাবেক্ষণের সঙ্গে জড়িত সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ডিসি-১০ এখন কোথাও চালানো হয় না। বাংলাদেশের বৈমানিকেরা দক্ষ বলেই এ রকম ঝরঝরা বিমান চালিয়েছে। বাঙালি বলেই পেরেছে। সব সময় ঝুঁকি নিয়ে চালিয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের আমলেই বিমানকে লাভজনক করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। এর আগে আনা হয়েছে ‘পালকি’ ও ‘অরুণ আলো’ নামে দুটি বোয়িং-৭৭৭-৩০০ইআর উড়োজাহাজ। সংস্কার করা হয়েছে শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ে। ‘আকাশ প্রদীপ’ বহরে যোগ হয়েছে। আগামী মাসে ‘রাঙা প্রভাত’ নামে আরেকটি নতুন বোয়িং-৭৭৭-৩০০ইআর আসছে। চুক্তি অনুযায়ী সময়মতো উড়োজাহাজ পাঠানোয় বোয়িং কোম্পানিকে ধন্যবাদ জানান তিনি। তিনি বলেন, ‘আমরা সময়মতো টাকা দিতে পেরেছি বলেই সময়মতো উড়োজাহাজ পেয়েছি।’
সেবার মান বাড়াতে হবে: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাত্রীদের আকৃষ্ট করতে যাত্রী সেবার মান আরও উন্নত করতে বিমানের কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, অন্যান্য দেশের সংযোগ রক্ষায় বিমানকে সময়ানুবর্তিতার দিকে নজর দিতে হবে। ইতিমধ্যে কিছুটা উন্নতি হয়েছে, আরও উন্নতি করতে হবে। ডিজিটাল পদ্ধতিতে বিমানের টিকিট বিক্রির ওপর জোর দেন তিনি। অভ্যন্তরীণ রুটে বিমানের জন্য দুটি ছোট উড়োজাহাজ কেনা হবে বলেও জানান তিনি।
বিমানবন্দর পর্যন্ত সুড়ঙ্গ পথ হবে: প্রধানমন্ত্রী বলেন, সারা দেশের বিমান যাত্রীদের আরামদায়ক ভ্রমণের কথা চিন্তা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন রেলস্টেশনটিকে আরও উন্নত করা হচ্ছে। রেলস্টেশন থেকেই যেন যাত্রীরা সরাসরি বিমানবন্দরে পৌঁছাতে পারেন, সে জন্য বিমানবন্দর রেলস্টেশন থেকে মূল টার্মিনাল পর্যন্ত একটি সুড়ঙ্গ (টানেল) নির্মাণের জন্য সম্ভব্যতা যাচাই হয়েছে। রেল ও বিমান মন্ত্রণালয় যৌথভাবে এ কাজটি করবে।
শেখ হাসিনা বলেন, বিদেশি পর্যটকেরা যাতে সরাসরি গিয়ে কক্সবাজার নামতে পারেন, সে জন্য কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করা হচ্ছে। এরই মধ্যে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল বিমানবন্দর সংস্কার করে চালু করা হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন করা হবে।
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। আরও বক্তব্য দেন বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা ও বোয়িংয়ের আন্তর্জাতিক বিপণন পরিচালক সবিতা গৌড়া প্রমুখ।
বক্তব্যের পর প্রধানমন্ত্রী বোয়িং-৭৭৭-এর সংযোজন উপলক্ষে কেক কাটেন এবং বোয়িং-৭৭৭ ও ডিসি-১০ ঘুরে দেখেন।
ডিসি-১০ উড়োজাহাজটি আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকা থেকে ‘বিদায়ী উড্ডয়নে’ প্রথম যাবে যুক্তরাজ্যের বার্মিংহামে। এরপর ২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি এক ঘণ্টা করে বার্মিংহামের আকাশে উড়বে এটি। এক ঘণ্টা করে তিন দিনের ওই ঐতিহাসিক উড্ডয়নের জন্য টিকিট বিক্রি চলছে। তারপর এটি যাবে যুক্তরাষ্ট্রের সিয়াটলে। সেখানে বোয়িং কোম্পানির ‘দ্য মিউজিয়াম অব ফ্লাইটস’ জাদুঘর হবে এর শেষ আবাস।