‘আকাশে মেঘ দেহা গেলিই ইশকুল ছুটি হয়া যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আকাশে মেঘ দেহা গেলিই ইশকুল ছুটি হয়া যায়। ঝড়-বৃষ্টিত আমাগের কিলাস হয় না। ইশকুলি বসার জাগা নাই, তাই দাঁড়া থাহা লাগে। পিয়াস লাগলি পানি খায়ার জন্যি মানষির বাড়িত গেলি বকাবাদ্যি করে।’ বলছিল পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের চর রানীনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ মাসুরা খাতুন। পাবনা শহর থেকে আট কিলোমিটার দূরে পদ্মা নদীর তীরে স্কুলটির অবস্থান। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী রয়েছে ৩২৬ জন। ২০ এপ্রিল দুপুরে সরেজমিনে স্কুলটিতে গিয়ে দেখা যায়, ফাঁকা বালুচরে দুটি বাঁশ দিয়ে তৈরি টিনের চালে স্কুল। কোনো আলাদা শ্রেণীকক্ষ নেই। শিক্ষকদের বসার জন্য চেয়ার-টেবিল নেই, প্রয়োজনীয় কাগজপত্র রাখার আলমারি নেই। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্লাস শেষ হয়েছে। একজন শিক্ষক একটি ভাঙা ব্ল্যাকবোর্ডে লিখে একসঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ক্লাস করাচ্ছেন। চতুর্থ শ্রেণীর ছাত্র মো. নাজমুল হক জানায়, ঝড়-বৃষ্টির দিনে তাদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। গত ১২ এপ্রিল দুপুরে হঠাৎ করে ঝোড়ো হাওয়ায় তাদের বইখাতা উড়ে যায়। সবাই মিলে ঝড়ের মধ্যে বইখাতা গুছিয়ে আনে। তৃতীয় শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ সুরমা খাতুন জানায়, মাঝেমধ্যে পিপাসা লাগলে এবং টয়লেট চাপলে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। পঞ্চম শ্রেণীর ছাত্রী মোসাম্মৎ খাদিজা খাতুন বলল, ‘স্কুলডাক স্কুল মনে হয় না। আমরা সগলেই একসাতে কিলাস করি। চেঁচামেচিতে সারগেরে কতা শুনা যায় না। বসার বিড়াঞ্চি নাই। তাই দাঁড়া থাহা লাগে।’ স্কুলে দায়িত্বরত শিক্ষক এস এম কামরুল হাসান বলেন, ‘স্কুলটিতে মোট চারজন শিক্ষকের পদ রয়েছে। প্রধান শিক্ষক ২০০৫ সাল থেকে সাসপেনশনে রয়েছেন। তিনজন শিক্ষক থাকলেও তাঁদের বসার জন্য তিনটি চেয়ার নেই। কাগজপত্র রাখার আলমারি নেই। তবে স্কুলটিতে প্রচুর ছাত্রছাত্রী আছে। চর অঞ্চলের এসব ছাত্রছাত্রীর কথা বিবেচনা করে আমরা স্কুলটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।’ স্কুল পরিচালনা পরিষদের সভাপতি মো. বাদশা সরদার বলেন, সরকারিভাবে স্কুলের উন্নয়নে এখনো কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। জেলা শিক্ষা কর্মকর্তা মো. একরামুল হক বলেন, পাকা ভবন তৈরির জন্য স্থায়ী জমির প্রয়োজন হয়। কিন্তু নদীভাঙনের পর স্কুলটির কোনো নিজস্ব জমি ছিল না। নিজস্ব জমি হওয়ার পর থেকে আমরা ভবন তৈরির জন্য চেষ্টা করছি। খুব শিগগির স্কুলটির সমস্যাগুলো সমাধান করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা আক্তার বলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে স্কুলে মাটির কাজ, টয়লেট ও টিউবওয়েল স্থাপনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানিয়েছি। তারা কোনো পদক্ষেপ না নিলে আমরা নিজেরাই এসব কাজ করব।’