'আখেরাতে সেই বিচারকের কাছে ন্যায়বিচার পাব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৪ সালের ৫ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছিল কার্টুনটি
২০০৪ সালের ৫ এপ্রিল প্রথম আলোর প্রথম পাতায় ছাপা হয়েছিল কার্টুনটি

‘এই রায়ে আমি ন্যায়বিচার পাইনি। এই বিচারকের পরও বিচারক আছেন। তিনি আল্লাহ। আখেরাতে আমি সেই বিচারকের কাছ থেকে ন্যায়বিচার পাব।’ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ফাঁসির আদেশ দেওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। রায় শুনে তিনি আদালতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তিনি বলতে থাকেন, ‘ন্যায়বিচার হয়নি।’
বাবর তাঁর প্রতিক্রিয়ায় বলেছেন, ‘কাউকে খুশি করার জন্য এ রায় দেওয়া হয়েছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, এই বিচারক যিনি অন্যায়ভাবে রায় দিয়েছেন, তাঁরও যেন বিচার হয়। তাঁর সন্তানেরাও যেন এই অন্যায় বিচারের সাজা ভোগ করে। আহকামুল হাকিমের ওপর আমি বিচার দিলাম।’
যাঁরা অস্ত্র এনেছিলেন তাঁদের বিচার চেয়েছেন লুৎফুজ্জামান বাবর। এ সময় তাঁর কাছে জানতে চাওয়া হয়, অস্ত্রগুলো কারা এনেছিল? এর জবাব তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমাকে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। এটি সাজানো রায়।’
রায়ের পর এজলাশ থেকে নামিয়ে যখন বাবরকে প্রিজন ভ্যানের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল তখনো তিনি ক্ষুব্ধ ছিলেন। এ সময় তিনি এক হাত নাড়তে নাড়তে ভ্যানে ওঠে পড়েন। চট্টগ্রামের সিইউএফএল ঘাটে অস্ত্র ধরা পড়ার পরদিন হেলিকপ্টারযোগে তখনকার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর চট্টগ্রামে আসেন। তিনি দামপাড়া পুলিশ লাইনে রাখা অস্ত্রগুলো পরিদর্শন করে আবার হেলিকপ্টারে ফিরে যান। সেই অস্ত্র আটক মামলায় পরে বাবরকেও আসামি করা হয়। গতকাল এই মামলায় তাঁর ফাঁসির আদেশ দেওয়া হয়।