সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে আবেদন করা প্রার্থীদের মধ্যে ‘আগাম বাছাই’ করে দুই দিনের মৌখিক পরীক্ষা গত বুধবার শেষ হয়েছে। শিক্ষক ও কর্মকর্তার ২২টি পদে সহস্রাধিক প্রার্থী আবেদন করায় ১৬৭ জনকে নিয়ে ‘আগাম বাছাই’ কৌশলে মৌখিক পরীক্ষা নেওয়া হয়।‘আগাম বাছাই’ সম্পর্কে কর্তৃপক্ষের দাবি, অধিক সংখ্যক প্রার্থী হওয়ায় এ কৌশল নিতে হয়েছে। তবে চাকরিপ্রার্থী উপাচার্যের মেয়ে ও ভাতিজা মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া এবং অনেক প্রার্থী বাদ পড়ায় নিয়োগপ্রক্রিয়ার আগাম বাছাইয়ের কৌশল নিয়ে প্রশ্ন উঠেছে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠক।এ বৈঠকে নিয়োগ নিয়ে অভিযোগ উত্থাপিত হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্র জানায়। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ১৩টি বিভাগের ১৭টি প্রভাষক, একটি সহকারী অধ্যাপক ও উপ-রেজিস্ট্রার, উপনিয়ন্ত্রক ও উপপরিচালকের চারটি পদে গত বছরের ১৯ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি (সঞ্চারক ২১/১০) দেওয়া হয়। ২২ পদে সহস্রাধিক প্রার্থী আবেদন করেন। এর মধ্যে উপাচার্যের নেতৃত্বাধীন ‘বাছাই কমিটি’ প্রার্থীদের মৌখিক পরীক্ষার জন্য এ বছরের ২৭ ও ২৮ মার্চ তারিখ নির্ধারণ করে কার্ড ইস্যু করে। ২২ পদে সহস্রাধিক প্রার্থী আবেদন করলেও মৌখিক পরীক্ষার জন্য কার্ড দেওয়া হয়েছে মাত্র ১৬৭ জনকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফয়জুল হক স্বাক্ষরিত ‘বাছাই’ তালিকা ২০ মার্চ প্রকাশ করা হয়। এর মধ্যে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক পদে উপাচার্য মোহাম্মদ শহিদুল্লাহ তালুকদারের মেয়ে সোনিয়া বিনতে শহিদ ও উপাচার্যের ভাতিজা কামালউদ্দিন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক পদে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত হয়েছেন। সোনিয়া বিনতে শহিদের স্বামী আতিকুজ্জামান ওই বিভাগের বিভাগীয় প্রধান।স্ত্রীর মৌখিক পরীক্ষায় তিনি বিভাগীয় প্রধান হিসেবে মৌখিক পরীক্ষা বোর্ডে ছিলেন বলে এ দুজন প্রথম ধাপে গত মঙ্গলবার মৌখিক পরীক্ষা দিয়েছেন। এর আগে অ্যাডহক কমিটির মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া উপাচার্যের একান্ত সচিব (পিএস) হিসেবে কর্মরত খন্দকার মাজহারুল আনোয়ার শাহজাহান ও উপপরিচালক পদে আনিসুর রহমানও গত মঙ্গলবার মৌখিক পরীক্ষা দিয়েছেন।গত বুধবার এগ্রিকালচার ইকোনমিকস অ্যান্ড পলিসি, এগ্রিকালচার ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, কৃষি পরিসংখ্যান, এগ্রিকালচার এক্সটেনশন এডুকেশন, এগ্রিকালচার অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স ও এন্টোমলজি বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে ৫৯ জন মৌখিক পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে সহকারী অধ্যাপক পদে আগাম বাছাইয়ে একজনকেই মৌখিক পরীক্ষার জন্য রাখা হয়। অভিযোগ রয়েছে, সহকারী অধ্যাপক পদে চারজন আবেদন করেছিলেন। বাছাই করা প্রার্থীর চাকরি নিশ্চিত করতে তিনজনকে বাদ দিয়ে একজনকে মৌখিক পরীক্ষার জন্য রাখা হয়েছে। উপাচার্যের মেয়ে সোনিয়া বিনতে শহিদ ও ভাতিজা কামালউদ্দিনের আবেদন করা পদে ৫৭ জন ছিলেন। তাঁদের মধ্যে সোনিয়ার আবেদন করা পদে আটজন ও কামালের পদে নয়জনকে মৌখিক পরীক্ষার জন্য মনোনীত করা হয়েছে। এই দুজনের পদে তাঁদের চাকরি পাওয়ার বিষয়টি অনেকটা নিশ্চিত থাকায় মৌখিক পরীক্ষার কার্ড পেয়েও পরীক্ষায় অংশ নেননি চারজন।মৌখিক পরীক্ষায় অংশ না নেওয়া একজন প্রথম আলোকে ক্ষোভের সঙ্গে বলেন, ‘তাঁর (সোনিয়া বিনতে শহিদ) বাবা (উপাচার্য) মৌখিক পরীক্ষার প্রধান, স্বামী (আতিকুজ্জামান) বিভাগীয় প্রধান—পরীক্ষা দিয়ে আর কী পাওয়ার আছে? তাই পরীক্ষা দিইনি!’ ‘আগাম বাছাই’ নিয়ে আবেদনকারীদের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। আবেদন করেও মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়া একাধিক প্রার্থী ‘আগাম বাছাই’ কৌশলে চাকরি নিশ্চিত করা হয়েছে বলে অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যোগ্যতার নিরিখে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ প্রসঙ্গে একজন আবেদনকারী বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যেই তো শর্ত ছিল। এসব শর্ত যাঁদের বেলায় পরিপূর্ণ ছিল, তাঁরাই তো আবেদন করেছেন।’ আগাম বাছাইয়ের নামে পছন্দের প্রার্থীদের চাকরি দেওয়ার কৌশল বলে মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ না পাওয়া একাধিক আবেদনকারী এ অভিযোগ করেন।যোগাযোগ করলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ফয়জুল হক আগাম বাছাই প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, হাজার হাজার প্রার্থী আবেদন করলে কীভাবে এতজনের মৌখিক পরীক্ষা নেওয়া হবে? আবেদন করা প্রার্থীদের যোগ্যতা যাচাই করে আগাম বাছাই করা হয়েছে। কতজন প্রার্থী আবেদন করেছিলেন—এমন প্রশ্নে তিনি ‘এ মুহূর্তে স্মরণ নেই’ বলে এড়িয়ে যান। বুধবারের মৌখিক পরীক্ষায় সহকারী অধ্যাপক পদে একজনকেই আগাম বাছাই প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন, ‘উনাকে পদোন্নতি দেওয়া হচ্ছে। এ জন্য একজনকেই মৌখিক পরীক্ষার জন্য ডাকা হয়।’ উপাচার্যের মেয়ে, ভাতিজা ও একান্ত সচিবের মৌখিক পরীক্ষায় মনোনীত হওয়ার যোগ্যতা সম্পর্কে জানতে চাইলে রেজিস্ট্রার এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। উপাচার্যের সঙ্গে কথা বলার পরামর্শ দেন।এ ব্যাপারে উপাচার্য মোহাম্মদ শহিদুল্লাহ তালুকদারের মুঠোফোনে প্রথম দফা যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে কেটে দেন। তাঁর দপ্তরের টেলিফোন নম্বরে কল করলে একই কথা বলেন তাঁর দপ্তরের কর্মকর্তা। উপাচার্যের ব্যক্তিগত মুঠোফোনে কল করলে তিনি এককথায় ‘বাছাই যথাযথ হয়েছে’ জানিয়ে ফোন কেটে দেন।