'আগামী নির্বাচনে জামায়াতের অংশগ্রহণ ঝুঁকিতে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে গতকাল বৃহস্পতিবার রায় দিয়েছেন হাইকোর্ট। রায়ের খবরটি তাৎক্ষণিকভাবে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে গুরুত্বের সঙ্গে স্থান করে নেয়। রায় নিয়ে প্রভাবশালী কয়েকটি গণমাধ্যমের প্রতিক্রিয়া তুলে ধরা হলো:

আল-জাজিরা: কাতারভিত্তিক সংবাদ চ্যানেলটির খবরের শিরোনাম ছিল, ‘জামায়াতকে অবৈধ ঘোষণা বাংলাদেশের আদালতের’। এতে বলা হয়েছে, আদালতের রায়ের ফলে বৃহত্তম ইসলামি দল জামায়াত আসন্ন নির্বাচনে দাঁড়াতে পারবে না। রায়ের পর বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সহিংসতা হয়েছে।

বিবিসি: ‘ইসলামপন্থী দল জামায়াতের বিরুদ্ধে হাইকোর্টের নিষেধাজ্ঞা’ শিরোনামে সংবাদমাধ্যমটি সর্বোচ্চ আদালতের বরাত দিয়ে বলেছে, প্রধান এই ইসলামি দল নির্বাচনী বিধি লঙ্ঘন করেছে। এতে আগামী নির্বাচনে দলটির অংশগ্রহণ ঝুঁকিতে পড়ল।

সিএনএন: মার্কিন সংবাদ চ্যানেলটি বলেছে, সর্বোচ্চ আদালত বৃহত্তম ইসলামি দল জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন। নিবন্ধন বাতিল করায় জামায়াত আগামী নির্বাচনে অংশ নিতে পারবে না। এ আদেশের ফলে দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে রাজনৈতিক অস্থিরতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

দ্য ডন: ‘আদালতের আদেশ, জামায়াত অবৈধ; নির্বাচনে অংশগ্রহণে বাধা’ শিরোনামে পাকিস্তানের এই গণমাধ্যম বলেছে, বাংলাদেশের প্রধান ইসলামপন্থী দল জামায়াত দেশের সেক্যুলার সংবিধান লঙ্ঘন করে গঠনতন্ত্র তৈরি করেছে বলে আদালত রায় দেওয়ায় দলটি আগামী বছর নির্বাচনে দাঁড়াতে পারছে না।

টাইমস অব ইন্ডিয়া: ‘ডানপন্থী দল জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছে বাংলাদেশের হাইকোর্ট’ শিরোনামে ভারতের এ সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, আদালতের ঐতিহাসিক রায়ে নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াত আগামী নির্বাচনগুলোতে অংশগ্রহণের ব্যাপারে নিষিদ্ধ হলো।