'আগামী প্রজন্মকে ফারাজের আদর্শে উজ্জীবিত হতে হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের একাংশের কার্যকরী সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মইন উদ্দীন খান বাদল বলেছেন, ফারাজ আইয়াজ হোসেন একজন অকুতোভয় তরুণ। যিনি মৃত্যু নিশ্চিত জেনেও পিছু হটেননি। আগামী প্রজন্মকে তাঁর আদর্শে উজ্জীবিত হতে হবে।
গতকাল শনিবার রাতে চট্টগ্রামের বোয়ালখালীতে হাজি আবুল কালাম ভোলা স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বোয়ালখালীর সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের ফারাজ চত্বরে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোয়ালখালীর মুন্সিপাড়া নিউ স্টার ক্লাবকে হারিয়ে চট্টগ্রাম নগরের কিশোয়ান এফসি চ্যাম্পিয়ন হয়। স্থানীয় গোমদণ্ডী একাদশ ক্লাব এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। প্রধান অতিথি বিজয়ী দলের সদস্যদের হাতে ট্রফি তুলে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘ক্রীড়া সন্ত্রাস ও অসভ্যতাকে প্রতিরোধ করতে পারে। আজ এখানে হাজারো মানুষের উপস্থিতি সেটিই প্রমাণ করে।’
সাংসদ মইন উদ্দীন খান বাদল রাজধানীর গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেনের আত্মার মাগফিরাত কামনা করেন।
গোমদণ্ডী একাদশ ক্লাবের আজীবন সদস্য রেজাউল করিমের সভাপতিত্বে ও সভাপতি আবুল হাশেমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মো. আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ।