‘আগামী সপ্তাহের মধ্যে পুনর্মুদ্রিত সংবিধান হাতে পাওয়া যাবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সপ্তাহের শেষ অথবা আগামী সপ্তাহের শুরুতে সংবিধান পুনর্মুদ্রণের জন্য সরকারি ছাপাখানায় পাঠানো হবে। এ জন্য আইন মন্ত্রণালয় আদালতের রায়ের আলোকে খসড়া তৈরির কাজ প্রায় চূড়ান্ত করে এনেছে। খসড়া অনুযায়ী বাংলাদেশের নাগরিকেরা ‘বাংলাদেশি’ বলে পরিচিত হবেন।এ বিষয়ে গতকাল শুক্রবার আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আগামী বৃহস্পতিবার অথবা পরের রবি-সোমবারের মধ্যে সংবিধান পুনর্মুদ্রণের জন্য ছাপাখানায় পাঠানো হবে। এ জন্য প্রাসঙ্গিক প্রস্তুতিমূলক কাজ শেষ হওয়ার পথে। আগামী সপ্তাহের মধ্যে পুনর্মুদ্রিত সংবিধান হাতে পাওয়া যাবে।’ আইনমন্ত্রী জানান, সামরিক ফরমানের মাধ্যমে সংবিধানের প্রস্তাবনা ও যেসব অনুচ্ছেদে সংশোধনী আনা হয়েছিল, পুনর্মুদ্রিত সংস্করণে তার প্রায় সবই মূল দিয়ে প্রতিস্থাপিত হবে।পুনর্মুদ্রণের পর সংবিধানে কোনো অসংগতি থেকে যাবে কি না, জানতে চাইলে শফিক আহমেদ বলেন, এ রকম কিছু থাকলে সেটা সংবিধান সংশোধন কমিটি ঠিক করে নেবে।সূত্র জানিয়েছে, সংবিধান পুনর্মুদ্রণ-সংক্রান্ত খসড়া তৈরির জন্য আইন মন্ত্রণালয়ের খসড়া আইন প্রণয়ন শাখার (ড্রাফট শাখা) কর্মকর্তারা এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছেন।পুনর্মুদ্রণের মাধ্যমে সংবিধানের যেসব অনুচ্ছেদে পরিবর্তন আসবে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ৮, ১২, ২৫, ৩৮, ৪৪ ও ১৪২ এবং প্রস্তাবনা ও চতুর্থ তফসিলের অংশবিশেষ। তবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে স্থান পাওয়া ‘বিসমিল্লাহির-রহমানির রহিম (দয়াময়, পরম দয়ালু; আল্লাহর নামে)’ শব্দগুচ্ছ বহাল থাকবে। আইনমন্ত্রীর মতে, বিষয়টি সংবিধানের অংশ নয়।পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংশোধিত ৬ অনুচ্ছেদও বহাল থাকবে বলে সূত্র জানিয়েছে। এতে বলা হয়েছে, ‘বাংলাদেশের নাগরিকত্ব আইনের দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হইবে। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশি বলিয়া পরিচিত হইবেন।’ মূল সংবিধানে বাংলাদেশের নাগরিককে ‘বাঙালি’ বলা হয়েছিল।সরকারি দলের শীর্ষ একাধিক নেতা বলেছেন, নৃতাত্ত্বিকভাবে বাংলাদেশের বেশির ভাগ মানুষ বাঙালি হলেও রাজনৈতিকভাবে নাগরিকত্বের পরিচয় বাংলাদেশি হতেই পারে। ‘বাংলাদেশি, না বাঙালি’ এ প্রশ্ন পঁচাত্তর-পরবর্তী বাংলাদেশের একটি বড় সময়জুড়ে এক তিক্ত রাজনৈতিক বিতর্ক হিসেবে বিদ্যমান ছিল।এ ছাড়া সংবিধানের প্রস্তাবনা ১৯৭২-এর মূল সংবিধানের অবিকল ছাপা হবে। রাষ্ট্রীয় চার মূলনীতিও (৮ অনুচ্ছেদ) অবিকল পুনর্মুদ্রিত হবে। মূল সংবিধানে বলা হয়েছিল, রাষ্ট্রপরিচালনার মূলনীতি হবে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা। পঞ্চম সংশোধনীর মাধ্যমে ধর্মনিরপেক্ষতার জায়গায় সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে স্থান দেওয়া হয়েছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হওয়া ১২ অনুচ্ছেদও আগের জায়গায় ফিরে আসছে। এই অনুচ্ছেদের মাধ্যমে সাম্প্রদায়িকতা, রাষ্ট্র কর্তৃক যেকোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান এবং ধর্মের অপব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।২৫ অনুচ্ছেদ থেকে ‘রাষ্ট্র ইসলামী সংহতির ভিত্তিতে মুসলিম দেশসমূহের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সংহত, সংরক্ষণ এবং জোরদার করতে সচেষ্ট হইবে’ এই উপ-অনুচ্ছেদটি বাদ দেওয়া হবে। পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিলুপ্ত হওয়া ৩৮ অনুচ্ছেদও মূল সংবিধানের মতো অবিকল পুনর্মুদ্রণ হবে। এতে বলা হয়েছে, ‘রাজনৈতিক উদ্দেশ্যসম্পন্ন সাম্প্রদায়িক সমিতি এবং ধর্মীয় নামযুক্ত বা ধর্মভিত্তিক সংঘ বা রাজনৈতিক দল’ করা যাবে না। মৌলিক অধিকারসংক্রান্ত সাংবিধানিক আদালত, ট্রাইব্যুনাল বা কমিশন গঠনসংক্রান্ত ৪৪ অনুচ্ছেদটি মূল সংবিধানের অবিকল পুনঃস্থাপিত হবে।পঞ্চম সংশোধনীর মাধ্যমে প্রতিস্থাপিত ১৪২ (১ক) উপ-অনুচ্ছেদটি বাদ দেওয়া হবে। সংবিধান সংশোধনসংক্রান্ত এই উপ-অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের ৮, ৪৮ ও ৫৬ অনুচ্ছেদ সংশোধনের ব্যাপারে কোনো বিল উত্থাপিত হলে তাতে রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন কি না, তা নির্ধারণের জন্য গণভোটের ব্যবস্থা করতে হবে। এটি বাদ দেওয়া হলে সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের প্রয়োজন হবে না।এর বাইরে চতুর্থ তফসিলের কতিপয় সামরিক ফরমানের বৈধতাসংক্রান্ত অনুচ্ছেদটি (৩ক) সম্পূর্ণ বাদ দেওয়া হবে। এই অনুচ্ছেদের মাধ্যমে সব সামরিক ফরমানকে বৈধতা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক আইন প্রত্যাহার হওয়ার পর এসব ফরমানের বৈধতা নিয়ে কোনো আদালত বা ট্রাইব্যুনালে প্রশ্ন উত্থাপন করা যাবে না।