'আগুনে পুড়ে আমার সব শেষ'

রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে গতকাল রোববার রাতে আগুনে বিভিন্ন দোকানের মালামাল সব পুড়ে ছাই। ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ সোমবার সকালে দেখা গেছে ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া বের হচ্ছে। এরপরও ক্ষতিগ্রস্ত দু-চারজন কিঞ্চিৎ আশা জিইয়ে রেখেছিলেন—যদি কিছু পাওয়া যায়! সেই আশাতেই পোড়া জিনিসের জঞ্জালে ঘাঁটাঘাঁটি করছিলেন।
এমনই দুজন ভাই ভাই স্টোরের দুই কর্মচারী। দোকানের বাইরে ধ্বংসস্তূপের পাশে দাঁড়িয়ে তদারক করছিলেন মালিক বাবুল মিয়া। তিনি বারবার বলছিলেন ‘আমার সব শেষ, কী করমু বুঝতাছি না!’
চল্লিশোর্ধ্ব বাবুল মিয়া জানান, হাসিনা মার্কেটে তাঁর পাঁচটি দোকান রয়েছে। এর মধ্যে একটি হোটেল ও চারটি পাইকারি মনিহারি পণ্যের দোকান। সব দোকানই পুড়ে গেছে। মার্কেটের ৬০ নম্বর দোকানটি ভাই ভাই স্টোর। এই দোকান থেকে সয়াবিন তেল, গুঁড়ো দুধ, সিগারেটসহ বিভিন্ন পণ্য পাইকারি দরে বিক্রি করা হতো। এসব পণ্য দোকানটির দোতলায় গুদামে রাখা হতো। সিগারেটের পরিমাণ এখানে বেশি ছিল, যার মূল্য প্রায় এক কোটি টাকা। দোকানটি ক্যাশবক্সে রাখা ছিল ২০ থেকে ২৫ লাখ টাকা।
হতাশায় দীর্ঘশ্বাস ছেড়ে বাবুল মিয়া বলেন, ‘মে দিবসের জন্য দোকানের শাটার তালা দেওয়া ছিল। মার্কেটের ভেতরে দোকান থাকায় কিছুই বাইর করা যায় নাই। অহন আমি পথের ফকির। পাঁচটি দোকানে আমার ক্ষতি হইয়ে আড়াই কোটি টাকা। এই টাকা কই পামু?’
বাবুল মিয়ার মতো মাথায় হাত পড়েছে হাসিনা মার্কেটের শতাধিক ব্যবসায়ীর। মনিহারির দোকানে বেশি পুড়েছে পণ্যসামগ্রী। এ ছাড়া হলুদ-মরিচের দোকান ও হোটেলগুলো বেশি ক্ষতি হয়েছে। কারণ, এসব দোকানের অধিকাংশই মার্কেটের ভেতরে। মে দিবসের ছুটির কারণেও গতকাল সকাল থেকে দোকানগুলো বন্ধ ছিল। অগ্নিকাণ্ডের সময় শ্রমিক-কর্মচারীরাও ছিলেন না। তাই দ্রুত পণ্যসামগ্রী ও টাকাপয়সা সরিয়ে ফেলা সম্ভব হয়নি।

হাসিনা মার্কেটে বহুমুখী ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মান্নান শেখ প্রথম আলোকে বলেন, মাগরিবের আজানের পরপরই আম্বর শাহ মসজিদের সামনে বিদ্যুতের ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তখন হাসিনা মার্কেটের ভেতরে চলে যান মালিকেরা। কিছু সময় পর ঝড় হলে সবাই ছড়িয়ে-ছিটিয়ে যান। তখন মার্কেট ফাঁকা হয়ে যায়। সাড়ে সাতটার দিকে সবাই আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনে চলে আসেন। তখন কিছু করার ছিল না। তবে মে দিবসের ছুটি থাকায় প্রাণহানি ঘটেনি।
মান্নান শেখ বলেন, মার্কেটে প্রতি বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত বেচাকেনা বেশি হয়। এসব লেনদেনের কারণে সমিতির ব্যবসায়ীদের আড়াই কোটি থেকে তিন কোটি টাকা সমিতির কার্যালয়ে জমা ছিল। আগুনে সব টাকা পুড়ে গেছে।

এদিকে পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, হাসিনা মার্কেটে ১৮৬টি দোকান রয়েছে। এর মধ্যে আগুনে ১৬০টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও পরে জানা যাবে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেশির ভাগ দোকানে দাহ্যপণ্য মজুত করা ছিল। শুকনা মরিচ ও হলুদ মার্কেটের দোকানগুলোতে রাখা ছিল। অনেক দোকানে সয়াবিন তেলভর্তি ড্রামও রাখা ছিল। এসব পণ্যে আগুন ধরলে দ্রুত ছড়িয়ে যায়। অনেক দোকানে ডিজেল ও কেরোসিন রাখা ছিল। খাবার হোটেলগুলো রান্না হতো সিলিন্ডার গ্যাসে।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশনস) মেজর শাকিল নেওয়াজ প্রথম আলোকে বলেন, খোলা জায়গায় মার্কেট, তার ওপর ঘটনার সময় প্রচুর বাতাস ছিল। আগুন সব সময় বাতাস টানে। বাতাস হচ্ছে আগুনের প্রাণ। তেলের ড্রাম থাকায়ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এত বড় মার্কেটে পানির ব্যবস্থা ছিল অপ্রতুল। অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না এখানে। তারপরও মাত্র আড়াই ঘণ্টায় আগুন নেভানো গেছে।
মেজর শাকিল নেওয়াজ বলেন, ক্ষতির বিষয়টি তদন্ত করে জানা যাবে।