‘আগুনে বৌদ্ধদের আত্মাই পোড়েনি, পুড়েছে বাংলাদেশের আত্মাও’
‘বুদ্ধের মন্দির আর তাঁর আদর্শের মানুষদের ঘরে আগুন দেওয়ায় কেবল বৌদ্ধ সম্প্রদায়ের আত্মাই পোড়েনি, পুড়েছে বাংলাদেশের আত্মাও। দেশের আত্মা থাকে দেশবাসীর হূদয়ে, মানুষে মানুষে সম্পর্কের বুননে। রামুর আগুন দেশের আত্মাকে দগ্ধ করেছে।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল বৃহস্পতিবার প্রশাসন আয়োজিত সেমিনারে উপাচার্য মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন। সাম্প্রদায়িক সহিংসতায় নিপীড়িত ও ক্ষতিগ্রস্ত বৌদ্ধ সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সম্প্রীতি সমাবেশ, শান্তি শোভাযাত্রা ও সেমিনারের আয়োজন করা হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সমাবেশ ও একই স্থান থেকে শান্তি শোভাযাত্রা বের করা হয়। সকাল সাড়ে ১০টায় জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে উপাচার্যের সভাপতিত্বে ‘বাংলার জনজাতি, বাংলার বৌদ্ধ, বাংলার হিন্দু, বাংলার খ্রিষ্টান, বাংলার মুসলমান—আমরা সবাই এ দেশের সন্তান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিষয়ের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. আনোয়ার হোসেন। ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজার সঞ্চালনায় আলোচনা করেন, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, আদিবাসী লেখক সঞ্জীব দ্রং, বৌদ্ধ ভিক্ষু আসিতা রক্ষিত, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক আবদুল্ল্লাহ আল মারুফ, ক্রিশ্চিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক জয়ন্ত অধিকারী, ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশনের সচিব নির্মল রোজারিও, উন্নয়ন বিশেষজ্ঞ জুলিয়ান ফ্রান্সিস, লেখক ও সাংবাদিক ফারুক ওয়াসিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ, খুরশিদা বেগম, অধ্যাপক ফারজানা ইসলাম, শিক্ষক স্বাধীন সেন, শরমিন্দ নিলোর্মী প্রমুখ। সেমিনারে আলোচকগণ সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য ধর্মীয় শিক্ষকদের প্রশিক্ষণ, সরকারি কর্মকর্তাদের বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ, মানুষকে সংবেদনশীল হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ, সাধারণ চৈতন্য ও অসাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি শাণিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।