
স্বামী ও সন্তানকে নিয়ে অসুস্থ বাবাকে দেখতে এসেছিলেন ফাতেমা বেগম। গত শুক্রবার বাবার বাড়িতেই থেকে যান। কিন্তু রাতে রান্নাঘরের বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা যান তাঁর বাবা ও মা। তিনি নিজেও এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন।
সাভারের পৌর এলাকার ভাগলপুরে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার গভীর রাতে রান্নাঘরে বিস্ফোরণের পর পুরো বাসায় আগুন ধরে যায়। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান রওশন আলী-খায়রুন নেসা দম্পতি। আহত হন ফাতেমা, তাঁর স্বামী খোরশেদ আলম (৪০), ফাতেমার ভাই হযরত আলী, বাড়ির মালিক তাজুল ইসলাম (ফাতেমার খালু) ও তাঁর স্ত্রী মেহেরুন নেসা।
চিকিৎসকেরা জানিয়েছেন, আগুনে ফাতেমার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাঁর স্বামীর পুড়েছে ১০ শতাংশ। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
তাজুল ইসলামের স্ত্রী মেহেরুন নেসা বলেন, শুক্রবার রাতের খাবার খেয়ে বাসার সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাতে বিকট শব্দে তাঁর ঘুম ভেঙে যায়। এরপরই আগুনের হলকা এসে তাঁর কপালে লাগে। দরজা খুলে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু দেখেন পুরো বাসাতেই আগুন। বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলেন না। এরপর তাঁর আর কিছু মনে নেই। চেতনা ফিরে এলে দেখেন তিনি হাসপাতালে।