‘আগুন-সন্ত্রাসের’ মাধ্যমে মানুষ হত্যাকারীদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ-বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে আবুল কালামের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, প্রতিটি অপরাধের বিচার নির্দিষ্ট আইন দ্বারা নির্ধারিত। আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার সরকার করবে। আগুন-সন্ত্রাসের মাধ্যমে যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, তদন্তের মাধ্যমে তাদের বিচারের আওতায় আনা হচ্ছে।
জাতীয় পার্টির সাংসদ ফখরুল ইমাম বলেন, ঢাকা মহানগর জজ কোর্টে কর্মরত বেঞ্চ সহকারী ও পেশকারেরা বছরের পর বছর একই কর্মস্থলে বহাল থেকে বিচারকদের সন্তুষ্ট করায় বিচারপ্রার্থীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। মাঝখানে তাঁরা বিশাল সুবিধা আদায় করে নিচ্ছেন। তাঁরা মাসে ৫০ হাজার টাকা ফ্ল্যাট ভাড়া দেন।
এই অভিযোগের জবাবে আইনমন্ত্রী বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ তাঁদের কাছে নেই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।