রংবেরঙের ফেস্টুন, ব্যানার, বেলুন ও ফুলের সাজে ভরে উঠেছিল বিদ্যালয়ের ক্যাম্পাস। চারদিক মুখরিত হয়ে ওঠে পুরোনো ও নতুন হাজারও শিক্ষার্থীর ভিড়ে। তাঁদের হূদ্যতা বিনিময়ের মধ্যে ছিল আনন্দের উচ্ছ্বাস। আগত অতিথিদের মধ্যে ছিলেন মন্ত্রী, সাবেক প্রধান বিচারপতি, বিশিষ্ট চিকিত্সক ও প্রকৌশলী; আবার কেউ বা জনপ্রতিনিধি। একসঙ্গে দাঁড়িয়ে চুটিয়ে আড্ডা দিয়েছেন তাঁরা।গতকাল শুক্রবার সিলেটের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের তিন দিনব্যাপী ১৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে জমে ওঠে এই মিলনমেলা। ১৯৩৬ সালে এসএসসি পাস করা ফখরুল ইসলাম চৌধুরী পুরোনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে বলেন, ‘এখন আর সবকিছু মনে নেই। তবে সেই উচ্ছল ও তারুণ্যের দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। আহা! কী সুন্দর ছিল কৈশোরের সেই দিনগুলো। আহা রে, আগে কী সুন্দর দিন কাটাইতাম!’ফখরুল ইসলাম চৌধুরীর মতো অনেকেই বিদ্যালয়ের মধুর দিনগুলোর কথা স্মরণ করে স্মৃতিকাতর হয়ে পড়েন। এ সময় অনেকের চোখে পানি এসে যায়। অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বেলা ১১টায় পায়রা ও বেলুন উড়িয়ে তিনি অনুষ্ঠানের উদ্বোধন করেন।অর্থমন্ত্রী বলেন, ‘এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে নিজেকে গর্বিত মনে হয়। এটি শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অন্যতম পুরোনো বিদ্যালয়। আমার পাঁচ সহপাঠীকে এখানে পেয়ে ভালো লাগছে। এ মিলনমেলায় উপস্থিত সব সাবেক শিক্ষার্থীর প্রতি শুভেচ্ছা-অভিনন্দন-প্রীতি-ভালোবাসা রইল।’অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১৭৫তম বর্ষপূর্তি ও প্রাক্তন ছাত্র-শিক্ষক পুনর্মিলনী উত্সবের আহ্বায়ক এ কে আবদুল মুবিন। বক্তৃতা করেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী, ফখরুল ইসলাম চৌধুরী, সাংসদ হাফিজ আহমদ মজুমদার, নাসির এ চৌধুরী, আবু আহমদ সিদ্দিক, মসিহ মালিক চৌধুরী, মো. ফজলুল হোসেন, বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির আহম্মদ, উদ্যাপন পরিষদের সদস্যসচিব মোহাম্মদ মুজিবুর রহমান। সবশেষে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা দেন সালাহউদ্দিন আলী আহমদ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ ফরহাদ আব্বাস হোসেন। আলোচনা সভা শেষে দিনব্যাপী রক্তদান কর্মসূচি, প্রাক্তন ছাত্র-শিক্ষকদের স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ শনিবার সকাল ১০টায় ছাত্র-শিক্ষকের স্মৃতিচারণার মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় দিনের কর্মসূচি।